উত্তরার দুই শিশুকে পরিবারের জিম্মায় দিল সিলেট পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরা থেকে আসা দুই শিশুকে সিলেট মহানগরের শাহ পরান এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত দুইটার দিকে হজরত শাহ পরান (রহ.) মাজার থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে দুই শিশুকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
শাহ পরান থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, দুই শিশুর মধ্যে একজনের বয়স ১৩ বছর, অন্যজনের ১০। দুজনই উত্তরার একটি মাদ্রাসার ছাত্র। সোমবার দিনের বেলা ট্রেনে করে তারা সিলেটে পৌঁছায়। শাহ পরান মাজার এলাকায় তাদের ঘোরাফেরা সন্দেহজনক দেখে স্থানীয় লোকজন দুই শিশুকে ধরে পুলিশের হেফাজতে দেন। পড়াশোনা ভালো লাগছিল না, এ জন্য দুজন মাদ্রাসা থেকে পালিয়ে সিলেটে এসেছে বলে পুলিশকে জানিয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ বলেন, গতকাল সকালে পুলিশের মাধ্যমে দুই শিশুর পরিবার ও মাদ্রাসায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বিকেলে তাদের পরিবারের সদস্যরা শাহ পরান থানায় পৌঁছালে দুজনকে তাঁদের কাছে দেওয়া হয়।