উত্তরার নতুন ফ্ল্যাট প্রকল্পে ক্রেতার সাড়া কম
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে নতুন করে আরও আড়াই হাজার ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদনপত্র চাওয়া হলেও খুব একটা সাড়া মিলছে না। সংবাদপত্রে এ-বিষয়ক বিজ্ঞপ্তি জারির এক মাস আট দিনের মাথায় মাত্র এক হাজার আবেদনপত্র বিক্রির তথ্য পাওয়া গেছে।
প্রকল্পের ফ্ল্যাটের অস্বাভাবিক দাম, আগে বরাদ্দপ্রাপ্তদের ফ্ল্যাটগুলো হস্তান্তরে ধীরগতি এবং কালোটাকাকে সাদাটাকা (হোয়াইট মানি) হিসেবে দেখাতে বিড়ম্বনা থাকায় আবেদনকারীদের আগ্রহ কম বলে জানা গেছে।
গত ১ ডিসেম্বর চারটি সংবাদপত্রে উত্তরায় আড়াই হাজার ফ্ল্যাটের জন্য আবেদনপত্র চায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পাঁচটি ব্যাংক থেকে দুই হাজার টাকায় আবেদনপত্র সংগ্রহের জন্য বলা হয়। ব্যাংকগুলো হচ্ছে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের রাজউক শাখা, ইস্টার্ন ব্যাংক প্রিন্সিপাল শাখা এবং এক্সিম ব্যাংক পুরানা পল্টন শাখা।
গত বৃহস্পতিবার খোঁজ নিয়ে জানা যায়, জনতা ব্যাংকে ৩৫০টির মতো আবেদনপত্র বিক্রি হয়েছে। তিন লাখ টাকা জামানতসহ ৩৫টি আবেদনপত্র জমা পড়েছে। এ ছাড়া বাকি চারটি ব্যাংকে বিক্রি হয়েছে ৬০০-এর কিছু বেশি।
>আড়াই হাজার ফ্ল্যাটের বিপরীতে পাঁচ সপ্তাহে আবেদনপত্র বিক্রি এক হাজার
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের পরিচালক (এস্টেট) এ কে এম সফিকুর রহমান বলেন, আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। সুতরাং সংগ্রহ ও বিক্রির সময় আরও আছে। এ ছাড়া সময় বাড়ানোরও চিন্তা আছে।
তবে বৃহস্পতিবার রাজউকের জনতা ব্যাংক শাখায় আসা কয়েকজনের সঙ্গে কথা বলে ভিন্ন চিত্র পাওয়া গেছে। আবেদনপত্র কিনবেন কি কিনবেন না, সে দোলাচলে দুলছেন খিলগাঁওয়ের বাসিন্দা নোমান উর রহমান। বললেন, ‘দুই হাজার টাকায় ফরম কিনে শুনেছি, অনেকেই জমা দেননি। কারণ, ফ্ল্যাটের দাম অত্যধিক বেশি, কবে পাওয়া যাবে, তারও ঠিক নেই।’
উত্তরায় ৪ নম্বর সেক্টরে ভাড়া বাসায় থাকেন অর্ণব চৌধুরী। বললেন, ‘উত্তরা আমার ভালোবাসার জায়গা। প্রথম ভেবেছিলাম, কখনো ফ্ল্যাট কিনলে উত্তরাতেই কিনব। কিন্তু ফরম সংগ্রহে এসে নানা ঝামেলার কথা শুনছি।’
মিরপুরের বাসিন্দা আশিকুর রহমান বলেন, ‘শুরু থেকেই এই প্রকল্পে দুই সাংসদের স্বেচ্ছাচারিতার কথা শুনেছি। যেখানে রাজউকেরও ভূমিকা ছিল। তারপরও আবেদনপত্র সংগ্রহে এসেছি।’
উত্তরা ১৮ নম্বর সেক্টরে নতুন আড়াই হাজার ফ্ল্যাটের প্রতিটির আয়তন ১ হাজার ৬৫০ বর্গফুটের কিছু বেশি। প্রতি বর্গফুটের দাম ৪ হাজার ৮০০ টাকা। ব্যাংক এবং রাজউক সূত্রমতে, ২০১২ সালে উত্তরার যেসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়, সেগুলোর প্রতি বর্গফুটের দাম ছিল ৩ হাজার ৫০০ টাকা করে। প্রায় একই আয়তনের এসব ফ্ল্যাটের মোট দাম ৫৬ লাখ টাকা। কিন্তু নতুন ফ্ল্যাটগুলোর মোট দাম পড়ছে ৭৯ লাখ ৩৯ হাজার ২০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে পার্কিং ও সেবা খাতের (বিদ্যুৎ-পানি-গ্যাস) জন্য আরও পাঁচ লাখ টাকা। সব মিলিয়ে প্রতিটি ফ্ল্যাটের দাম পড়বে ৮৫ লাখ টাকা। এ কারণে এসব ফ্ল্যাট সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে বলে মনে করা হচ্ছে।
রাজউকেরই সূত্রমতে, এসব ফ্ল্যাট যাঁদের ক্রমক্ষমতার মধ্যে, তাঁরাও প্রায় ৮০ লাখ টাকাকে ‘সাদাটাকা’ হিসেবে দেখাবেন কী করে, তা নিয়ে ভাবছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশ্নের মুখে পড়ার কথাও ভাবছেন তাঁরা।
রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) আনোয়ার হোসেন এ বিষয়ে বলেন, ফ্ল্যাটের দাম বেশি মনে হতে পারে। ফ্ল্যাটের মান, উন্মুক্ত স্থান, পরিবেশসহ সুযোগ-সুবিধা চিন্তা করলে দাম বেশি নয়। রাজউকের নির্মাণ ব্যয়ও কম হচ্ছে না। তিনি বলেন, রাজউক আগের ফ্ল্যাটগুলো চলতি বছরের ডিসেম্বরে এবং নতুন ফ্ল্যাটগুলো ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে হস্তান্তর করা সম্ভব হবে।
এদিকে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে প্রথম পর্যায়ের ফ্ল্যাট প্রাপকদের তৃতীয় কিস্তির টাকা এবং দ্বিতীয় পর্যায়ের প্রাপকদের দ্বিতীয় কিস্তির টাকা জমা দেওয়ার সময় ফেব্রুয়ারি পর্যন্ত বাড়তে পারে বলে প্রকল্প সূত্রে জানা গেছে। আগে সময় নির্ধারণ ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত।