উত্তরার বাসায় অফিস করছেন উপাচার্য!
শিক্ষকদের আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন রাজধানীর উত্তরার একটি বাসায় অফিস করছেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনের নামে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন সহ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
এ ছাড়া আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের বাসভবন তালাবদ্ধ করে রেখেছেন এবং উপাচার্যের গাড়ির চাবি কেড়ে নিয়েছেন। এসব কারণে বাধ্য হয়ে উপাচার্য ঢাকার উত্তরার একটি বাসায় অবস্থান করছেন এবং এই বাসাটিকে আপাতত উপাচার্য তাঁর কার্যালয় হিসেবে ব্যবহার করছেন।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে বাংলাদেশের প্রচলিত আইন (পেনাল কোড-সেকশন ৪৪১, ৪৪২) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩-এর প্রতি শ্রদ্ধাশীল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-প্রশাসন এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করতে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এক মাস চিকিৎসাজনিত ছুটির পর গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্যের যোগদান বিজ্ঞপ্তি প্রকাশ করলে ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা তা আস্তাকুঁড়ে নিক্ষেপ করেন। উপাচার্য আনোয়ার হোসেনের স্বাক্ষরের জন্য কোনো কাগজপত্র তাঁর কাছে পাঠানো হবে না বলে তাঁরা ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ উপাচার্যের সঙ্গে প্রশাসনিক সম্পর্ক বজায় রাখলে তাঁর বিরুদ্ধে ঐক্য ফোরাম অবস্থান নেবে বলেও হুমকি দেওয়া হয়। ওই ঘটনার পর গতকাল বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।