উত্তরার স্কলাস্টিকায় আন্তস্কুল বিজ্ঞান মেলা
রাজধানীর উত্তরায় স্কলাস্টিকা স্কুলে গতকাল শনিবার শেষ হয়েছে দুই দিনের আন্তস্কুল বিজ্ঞান মেলা। মেলায় সারা দেশের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
মেলা পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকারের পদক্ষেপের ফলে দেশে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে মোট শিক্ষার্থীর অর্ধেকের বেশি কারিগরি ও প্রযুক্তিমুখী শিক্ষার আওতায় নিয়ে আসা সম্ভব হবে। সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিজ্ঞান গবেষণাগার উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসার, যুগোপযোগী পাঠ্যপুস্তক বিনা মূল্যে প্রদান, মাল্টিমিডিয়াসহ আকর্ষণীয় ক্লাসরুম গড়ে তোলা, বিপুলসংখ্যক মেধাবৃত্তি ও উপবৃত্তি প্রদান করা হচ্ছে।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে গত শুক্রবার প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার খাত কারিগরি ও প্রযুক্তিমুখী শিক্ষারÿক্ষেত্র তৈরির জন্য বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কলাস্টিকা স্কুলের উত্তরা শাখার অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবা ইসলাম সিরাজ, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী ও এসিআইয়ের বিজনেস ডিরেক্টর কামরুল হাসান বক্তব্য দেন। খবর তথ্য বিবরণীর।