উত্তরার সড়কগুলোর সংস্কার চলছে
দীর্ঘদিন পর চলাচলের অনুপযোগী উত্তরার বিভিন্ন সেক্টরের অভ্যন্তরীণ রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উত্তরা মডেল টাউনের ৩, ৬ ও ৭ নম্বর সেক্টরের বাসিন্দাদের অভিযোগ, প্রায় দুই বছর আগে থেকেই সেক্টরের অনেক রাস্তা চলাচলের অনুপযোগী। দেরিতে সংস্কার শুরু ও ধীরগতিতে সংস্কারকাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
গতকাল রোববার দুপুরে দেখা যায়, ঈশা খাঁ ও শাহজালাল অ্যাভিনিউতে ডিএনসিসির উদ্যোগে রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ হচ্ছে। ঈশা খাঁ অ্যাভিনিউতে রাস্তা সংস্কারকাজের তত্ত্বাবধানে থাকা উপসহকারী প্রকৌশলী শহীদুর রহমান বলেন, ইতিমধ্যে উত্তরা ৭ নম্বর সেক্টরের ১, ৫, ২৭ ও ৩৫ নম্বর রাস্তা; ৩ নম্বর সেক্টরের ২, ৩, ১০, ১৩ ও ১৮ নম্বর রাস্তা; ৬ নম্বর সেক্টরের ৫, ৬ ও ৪১ নম্বর রাস্তা, সেক্টরগুলোর সংযোগ সড়কসহ ঈশা খাঁ ও শাহজালাল অ্যাভিনিউর কাজ করা হয়েছে। তিনি আরও বলেন, এ প্রকল্পের অধীনে উত্তরার অনেকগুলো সেক্টরের একাধিক রাস্তা সংস্কার করা হচ্ছে। রাস্তাগুলো বেশ কিছু প্যাকেজ বা ভাগে ভাগ করা হয়েছে। যেসব রাস্তা ইতিমধ্যে সংস্কার করা হয়েছে, সেগুলো ১০ নম্বর প্যাকেজের অধীনে। প্যাকেজটির ৯০ ভাগ কাজ প্রায় শেষ বলে তিনি জানান।
বর্ষা মৌসুমে রাস্তার কাজ শুরু করায় বৃষ্টির কারণে প্রায়ই কাজ বন্ধ রাখতে হচ্ছে। কয়েকজন শ্রমিক অনবরত সরিয়ে যাচ্ছেন রাস্তার পাশে জমে থাকা কাদামাটি। পানিও জমে আছে রাস্তার বিভিন্ন স্থানে। উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, এ কয়েক দিন তো প্রায় প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তাই দিনের বেশি ভাগ সময়ই রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকে। শুকনো মৌসুমে তারা ঝিমায় আর বর্ষা এলেই তাদের যত তৎপরতা শুরু হয়।
তবে উত্তরার কয়েকটি সেক্টরের কিছু রাস্তার সংস্কারকাজ শুরু হলেও অন্যান্য সেক্টরের অনেক রাস্তাই চলাচলের অনুপযোগী। এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে ‘উত্তরার বিভিন্ন সেক্টরের রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প-২০১৬’-এর অধীনে বিভিন্ন সেক্টরের চলাচলের অনুপযোগী মোট ৫৯টি রাস্তা সংস্কার করা হবে। রাস্তা সংস্কারের পাশাপাশি নর্দমা পরিষ্কার ও ফুটপাত উন্নয়নের কাজও করা হবে। আগামী এক মাসের মধ্যেই প্রকল্পের প্রায় ৬০ ভাগ কাজ শেষ হবে। বাকি ৪০ ভাগ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।