উত্তরার হরিরামপুরে ভাঙাচোরা রাস্তাঘাট
রাজধানীর উত্তরার হরিরামপুর ইউনিয়নের ১০টি মূল সড়ক এবং ৫০টির মতো সংযোগ সড়কের সব কটিই ভাঙাচোরা, উঁচু-নিচু, গর্ত আর খানাখন্দে ভরা। এ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডেই আছে উত্তরার চারটি সেক্টর।
ঢাকা উত্তর সিটি করপোরেশন বলছে, সেক্টরগুলো সিটি করপোরেশনের ১ নম্বর অঞ্চলের মধ্যে আছে। আর ইউনিয়ন পরিষদ (ইউপি) বলছে, সেক্টরগুলো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে।
সেক্টরগুলো সিটি করপোরেশনের ১ নম্বর অঞ্চলের—এ তথ্যের সত্যতা নিশ্চিত করে উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জায়গাগুলো নিয়ে অনেক ফেঁকড়া আছে।’
একই বিষয়ে হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, সেক্টরগুলো পুরোপুরি ইউনিয়ন পরিষদের। এখানে সিটি করপোরেশনের কোনো কর্তৃত্ব নেই। তারপরও এলাকার কিছু বিষয় সিটি করপোরেশন নিয়ন্ত্রণ করে।
গত সোমবার ইউনিয়ন ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ৯-১০ বছর আগে একবার সড়কগুলো মেরামত করা হয়। দীর্ঘদিন পার হলেও কোনো ধরনের সংস্কার না হওয়ায় মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাঘাট। সর্বশেষ বছর চারেক আগে হাতে গোনা কয়েকটি রাস্তা সংস্কার করা হলেও সেগুলো এখন ব্যবহারের অনুপযোগী।
নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এই ইউনিয়নের উল্লেখযোগ্য সড়ক নলভোগ, দিয়াবাড়ি, ফুলবাড়িয়া, নয়ানগর, কামারপাড়া, চন্ডালভোগ, রানাভোলা, ধরঙ্গারটেক, ইউনিয়ন পরিষদের সামনের সড়ক, রাজাবাড়িসহ অন্যান্য সড়কগুলো ঘুরে দেখা যায়, সড়কের ওপর স্থানীয়ভাবে ইট ফেলে গর্ত ভরাট করা হচ্ছে। দু-একটি রাস্তা ছাড়া অন্য কোথাও পিচ ঢালাই অথবা ইটের সলিং চোখে পড়েনি। বৃষ্টি হলে সব সড়কই পানিতে তলিয়ে যায়। সেই পানি সরতে তিন-চার দিন লাগে। এলাকাবাসীর ভোগান্তি তখন চরমে ওঠে। আশপাশের ঘরবাড়িতে পানি ঢোকে। সড়কে ঠিকমতো হাঁটাচলা করা যায় না। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধান না থাকলে উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা।
এ ব্যাপারে হরিরামপুর ইউপির চেয়ারম্যান আবুল হাসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
হরিরামপুর ইউনিয়নের মধ্যেই পড়েছে উত্তরার ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টর। সেসব এলাকার অবস্থাও একই রকম। এলাকাবাসী কয়েকজন বলেন, ইউনিয়নজুড়ে শিক্ষামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট-বড় মিলিয়ে ২৫০টির কাছাকাছি তৈরি পোশাক, ব্লক, বুটিক, বায়িং, নিটিং, কাঠের মিল, খাবারসহ নানা ধরনের পণ্য তৈরির কারখানা ও মালামাল রাখার গুদাম রয়েছে।
স্থানীয় সংগঠক ফিরোজ আলম বলেন, ‘রাস্তাগুলো সবই ইউনিয়ন পরিষদের। এগুলো চলাফেরার অনুপযোগী। বৃষ্টি হলে রাস্তাভর্তি পানি। অনেক দিন হলো কোনো সংস্কার নেই। শুনেছি, কিছুদিন আগে রাস্তাগুলো সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। ১৮ জন ঠিকাদার এ কাজ পেয়েছেন। তবে কাজ অগ্রসর হচ্ছে কি না, সে ব্যাপারে কিছুই জানি না।’
নলভোগ এলাকার মুদি ব্যবসায়ী রঞ্জন মল্লিক বলেন, পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। বৃষ্টি মানেই জলাবদ্ধতা। প্রায়ই গর্তে পড়ে কাভার্ড ভ্যান, ট্রাক, রিকশা ও অটোরিকশা উল্টে যায়। হাঁটা তো দূরের কথা, গাড়ি বা মোটরসাইকেলে চলাচল করাও দুষ্কর।