উত্তরায় ইফতারে পুরান ঢাকার ঐতিহ্যের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরেক রকমের ইফতারপদ সাজানো উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি রেস্তোরাঁয়। এসব মুখরোচক খাবার কিনতে প্রতিদিনই প্রতিষ্ঠানটিতে ভিড় করেন ক্রেতারা l প্রথম আলো
হরেক রকমের ইফতারপদ সাজানো উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি রেস্তোরাঁয়। এসব মুখরোচক খাবার কিনতে প্রতিদিনই প্রতিষ্ঠানটিতে ভিড় করেন ক্রেতারা l প্রথম আলো

পবিত্র রমজানে খাবারের ব্যবসায়ীরা ইফতারের আয়োজনে নিয়ে আসেন ঐতিহ্য ও বৈচিত্র্যের ছোঁয়া। ঢাকার ইফতারে ঐতিহ্যবাহী ইফতারি মানেই পুরান ঢাকার নবাবি আমলের মুখরোচক সব বাহারি পদের সমাহার। উত্তরায় ইফতারির সম্ভারে পুরান ঢাকার এসব পদের সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি রীতির খাবার। উত্তরার বিভিন্ন চায়নিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানগুলো এমন অনেক রকম পদের খাবার নিয়ে সাজিয়েছে ইফতারির পসরা। কোনো কোনো রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে রয়েছে ইফতারের সঙ্গে বুফে ডিনার। ক্রেতার সংখ্যাও পর্যাপ্ত। ইফতারের নির্দিষ্ট সময়ের অনেক আগেই এসব রেস্টুরেন্টে ভিড় লেগে যায়। পার্টি সেন্টারগুলোও বুকিং হয়ে যাচ্ছে নির্দিষ্ট দিনের পাঁচ-ছদিন আগেই।
সরেজমিনে দেখা যায় উত্তরার রেস্টুরেন্ট, পার্টি সেন্টার এবং ফাস্টফুডের দোকানগুলোতে ইফতারকে কেন্দ্র করে খাবারের পদগুলোতে আনা হয়েছে ভিন্নতা।
রয়েল কুজিন রেস্টুরেন্টের ম্যানেজার মো. দীন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য রোজাদার মুসল্লিদের পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা। তা ছাড়া আমাদের ইফতারের পদগুলোতে থাকছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। উত্তরার অন্যান্য দোকান ঘুরে দেখা গেল, কমবেশি প্রায় সবখানেই প্রাধান্য পেয়েছে পুরান ঢাকার হরেক রকমের কাবাব, রোস্ট, রেজালা, চাপ, হালিম ইত্যাদি। কোনো কোনো রেস্টুরেন্টে এসব পদ তৈরির জন্য তো পুরান ঢাকা থেকে এক মাসের জন্য অভিজ্ঞ বাবুর্চিকে আনা হয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেল, কাবাবের মধ্যে মাটন লেগ কাবাব ও বিফ সুতি কাবাব প্রতি কেজি ১০০০ টাকা, বিফ সুতি কাবাব ১৩০ টাকা, বিফ ও চিকেন চাপ ১৫০ টাকা, বিফ শিক ও চিকেন টেংরি ৮০ টাকা করে। বিফ ও চিকেন চাপ বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন দোকানমালিকেরা। চিকেনের আইটেমে আছে চিকেন ললিপপ প্রতিটি ৬০ টাকা, চিকেন অনথন ৩৫ টাকা, স্পাইসি চিকেন উইং ৭০ টাকা, রেশমি কাবাব ১৯০ টাকা, চিকেন সাসলিক প্রতিটি ৯০ টাকা, চিকেন শর্মা ৭০ টাকা, চিকেন তন্দুরি (হাফ) ২৫০ টাকা প্রভৃতি।
মাছের পদের মধ্যে আছে ফিশ ফিঙ্গার ৫০ টাকা, ফিশ কাটলেট ৬০ টাকা, ফিশ বল ৩০ টাকা। স্পেশাল ফিশ আইটেমের মধ্যে আছে গ্রিল্ড ফিশ এবং গ্রিল্ড প্রনের দাম প্রতি ১০০ গ্রাম ১৪০ টাকা। লুচি প্রতিটি ৪০ টাকা, আলু পরোটা ৫০ টাকা, প্লেইন পরোটা ৩৫ টাকা।
হালিমের মধ্যে মাটন ও বিফের হালিম ২৫০-৬০০ টাকা পর্যন্ত, বোম্বে জিলাপি কেজি ২৫০ এবং ইরানি জিলাপি কেজি ৪৫০ টাকা।
এ ছাড়া সাধারণ পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ১০ টাকা, ডিম চপ-২০ টাকা প্রভৃতি। অন্যদিকে ইফতারের আয়োজনে খেজুর আর গ্রীষ্মের ফল তো আছেই।