উত্তরায় উচ্ছেদ করা অধিকাংশ প্রতিষ্ঠান ফের চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা মডেল টাউনের আবাসিক ভবনে থাকা অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান আবার চালু হয়েছে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরে আবাসিক ভবনে থাকা এসব অ-অনুমোদিত ব্যবসায়িক প্রতিষ্ঠান উচ্ছেদ ও বন্ধে অভিযান চালিয়েছিল রাজউক।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উত্তরা ৪ নম্বর সেক্টরের শায়েস্তা খান অ্যাভিনিউর ২৭ নম্বর প্লটের হোটেল নগর ভ্যালি, ৭ নম্বর সড়কের হোটেল ব্লু বেল ইন্টারন্যাশনাল, ১৮ নম্বর সড়কের ১২ নম্বর প্লটের হোটেল এঙ্করেজ দ্য রেসিডেন্স এবং ১১ নম্বর সড়কের শেষ মাথায় ৫০ নম্বর প্লটের হোটেল কমফোর্ট ইন আবার চালু হয়েছে। রাজউক-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, হোটেলগুলো উচ্ছেদের বিরুদ্ধে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এসে পুনরায় তাদের প্রতিষ্ঠান চালু করেছে।

গত বছরের ১ আগস্ট আবাসিক ভবনে বাণিজ্যিক অনুমতি না থাকা, পার্কিংয়ের জায়গায় হোটেল কার্যালয় ও অভ্যর্থনা হিসেবে ব্যবহারের অভিযোগে হোটেল নগর ভ্যালির গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে হোটেলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় রাজউক। কিন্তু সম্প্রতি গিয়ে দেখা যায়, হোটেলের কার্যালয় এবং অভ্যর্থনা আগের স্থানেই আছে। হোটেলের কার্যক্রমও চলছে স্বাভাবিকভাবে।

হোটেলটির ব্যবস্থাপক ফায়াজ আহমেদের সঙ্গে কথা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক আগে থেকেই আমাদের বাণিজ্যিক অনুমোদন ছিল, উচ্ছেদের দিন আমরা কাগজটি দেখাতে পারিনি। তবে পার্কিংয়ের জায়গা নিয়ে আমাদের কিছু সংশয় ছিল। এখন কাগজ দেখিয়ে রাজউকের অনুমতি নিয়েই হোটেল চালু করেছি।’

সেক্টরটির ১১ নম্বর সড়কের হোটেল কমফোর্ট ইন-এ গিয়ে দেখা গেল একই চিত্র। চলছে হোটেলের স্বাভাবিক কার্যক্রম। অতিথিরা আসছেন, চেক-ইন দিয়ে ভেতরে যাচ্ছেন। ভেতরে দেশের বাইরের কিছু অতিথিও দেখা গেল। রাজউকের তথ্যমতে, হোটেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, গাড়ি রাখার স্থানে হোটেল লবি ও অভ্যর্থনার জন্য ব্যবহার। তখন কার্যক্রম বন্ধ করতে এবং অতিথিদের অন্যত্র সরিয়ে দিতে এক দিনের সময় বেঁধে দেয় রাজউক।

হোটেল কমফোর্ট ইন-এর পরিচালক আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, রাজউকের এ ধরনের উচ্ছেদ কার্যক্রমের চেয়ে ভালো হয়, কোন ভবনের কী সমস্যা আছে, সেগুলো দেখিয়ে দিয়ে সংশোধনের ব্যবস্থা করা। কমফোর্ট ইনকে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান কমফোর্ট গ্রুপ অব কোম্পানির নিজস্ব অতিথিদের আবাসিক স্থান দাবি করে বলেন, এটি বাণিজ্যিক আবাসিক হোটেল নয়। কোম্পানির প্রয়োজনে দেশের বাইরে থেকে টেকনিশিয়ান আসেন। তাঁদের এখানে রাখা হয়। 

এ ছাড়া ৭ নম্বর সড়কের হোটেল ব্লু বেল ইন্টারন্যাশনাল, ১৮ নম্বর সড়কের ১২ নম্বর প্লটের হোটেল এঙ্করেজ দ্য রেসিডেন্স প্রতিষ্ঠান দুটিও আগের মতো সচল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উচ্ছেদের বিরুদ্ধে তাঁরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে পুনরায় প্রতিষ্ঠান চালু করেন। রাজউকের অনুমোদনেই রাষ্ট্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠান ডেসকো এবং তিতাস গ্যাস থেকে তাঁদের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ আবার দেওয়া হয়েছে। বাকারু রেস্তোরাঁর মতো আরও কিছু প্রতিষ্ঠান অবশ্য স্থান পরিবর্তন করে অন্যত্র চালু করেছে। ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের হোটেল শেফ দ্য সিটি, শাহজালাল অ্যাভিনিউর প্ল্যাটিনাম রেসিডেন্সের হোটেল শেলটেক, ৩ নম্বর সেক্টরের হোটেল প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল প্রভৃতি প্রতিষ্ঠানও হাইকোর্টের উচ্ছেদ স্থগিতাদেশ চিঠির অপেক্ষায় আছে বলে জানা গেল।

তবে রাজউকের কর্মকর্তারা বলছেন, নিয়ম মেনেই তাঁরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। যে প্রতিষ্ঠান উচ্ছেদ কিংবা বন্ধ করা হয়েছিল, সেগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল। আর উচ্ছেদ আদেশের পরে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ উচ্চ আদালতে রিট করে উচ্ছেদ স্থগিতাদেশ নিয়ে এসে তাদের প্রতিষ্ঠান চালু করেছে। এ ব্যাপারে রাজউকের সহকারী অথরাইজ অফিসার খায়রুজ্জামান বলেন, ‘আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলাম। এখন মহামান্য উচ্চ আদালতের অনুমতি নিয়েই তারা তাদের প্রতিষ্ঠান আবার চালু করেছে।’