উত্তরায় একজনের অস্বাভাবিক মৃত্যু
উত্তরায় গত বৃহস্পতিবার রাতে ফিরোজ শাহ (৩১) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মশিউর রহমান বলেন, ১০ তলা বাড়িটির ষষ্ঠ তলা ক্রেতাকে হস্তান্তর করা হয়নি। এই তলার চাবি ফিরোজের কাছেই থাকত। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ফিরোজ এই তলার ব্যালকনি থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, ব্যালকনিটিতে পুরো গ্রিল লাগানো হয়নি, অর্ধেক ফাঁকা। তবে সেখান থেকে তিনি নিজেই লাফ দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁকে নিচে ফেলে দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ফিরোজের গ্রামের বাড়ি নওগাঁর পোরশায়।
দুই নির্মাণশ্রমিকের মৃত্যু
ধানমন্ডি ও দারুস সালাম এলাকায় পৃথক ঘটনায় দুজন নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন সাইফুল ইসলাম (২২) ও মোহাম্মদ আলী (২৭)।
পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে ধানমন্ডি ৭/এ এলাকায় নির্মাণাধীন একটি ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন সাইফুল। পানি শেষ হয়ে যাওয়ার পর তিনি পানি তোলার মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় সীমান্ত নামে তাঁর এক সহকর্মী সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গতকাল সন্ধ্যায় গাবতলী মাজার রোডের নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ষষ্ঠ তলা থেকে পড়ে যান মোহাম্মদ আলী। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।