উত্তরায় একটি ভবনের কিছু অংশে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরার ফাটল ধরা বাড়ির একাংশ l প্রথম আলো
উত্তরার ফাটল ধরা বাড়ির একাংশ l প্রথম আলো

বাড়ির পাশের জায়গায় বহুতল ভবন তৈরির কাজ করতে থাকায় উত্তরার ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ির কিছু অংশে ফাটল ধরেছে। ভবনমালিকের অভিযোগ, পাশে নির্মাতাপ্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি আইডিয়াসের (বিটিআই) নির্মাণাধীন একটি ভবনের কাজ সঠিক নিয়ম মেনে না করার কারণেই তাঁর ভবনে এ ফাটল ধরেছে। তবে নির্মাতাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবনের ফাটলগুলো বেশি গুরুতর নয় বলে জানান।
গতকাল সরেজমিনে দেখা যায়, ভবনটির সামনের অংশের গ্রেট বিমের সঙ্গে যুক্ত সীমানাপ্রাচীরের বাইরের ও ভেতরের দিকে ফাটল ধরেছে। এ ছাড়া একই পাশে পার্কিং আউটডোরে বাসার সামনে থেকে পেছনে প্রায় ৯০ ফুট পয়োনিষ্কাশন লাইনের অংশে ফাটল দেখা গেছে। ফাটলগুলো দিন দিন বাড়ছে বলে জানান ভবনটির বাসিন্দারা।
ফাটল ধরা ভবনের তত্ত্বাবধায়ক রবিন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘প্রায় এক মাস আগে থেকে এই ভবনটির পাশের জায়গায় একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। চার-পাঁচ দিন আগে ভবনে ফাটলের দৃশ্য আমাদের চোখে পড়ে। ফাটলগুলো বেশি দিনের নয়। দিন দিন ফাটলের পরিমাণ আরও বাড়ছে। পাশের জায়গায় নির্মাণকাজের জন্য খুব ঝাঁকুনি হচ্ছে।’
নতুন ভবনের নির্মাণকারী প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি আইডিয়াসের (বিটিআই) সহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফাটলগুলো নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ফাটলগুলো ফ্রি অ্যাপ্রোন এরিয়াতে হয়েছে। যে অংশগুলোতে ফাটল হয়েছে, এগুলো ভবনটির মূল স্ট্রাকচারের মধ্যে পড়ে না। তা ছাড়া নির্মাণকাজে যে ঝাঁকুনি হয়, তাতে যেকোনো বিল্ডিংয়ের আশপাশেই সাধারণত এমন হয়ে থাকে।’ তিনি ওই ভবনের ফাটলগুলোকে ‘হেয়ার ক্র্যাক’, অর্থাৎ চুল পরিমাণ ফাটল বলে মন্তব্য করেন। বিটিআইয়ের আরেকজন কর্মকর্তা মো. জুয়েল বলেন, আসলে ওই ভবনটির মালিক যিনি, তিনি নির্মাণসংশ্লিষ্ট টেকনিক্যাল মানুষ নন, তাই ফাটল দেখে ভয় পেয়েছেন।
রাজউকের অথরাইজড অফিসার আশরাফুল ইসলামও ভবনটির ফাটল পরিদর্শন করেছেন। তিনি ফাটল সম্পর্কে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুশ্চিন্তার কিছু নেই। ভবনটির মূল স্ট্রাকচারে কোনো ফাটল ধরেনি। ভবনটির এক পাশের সীমানাদেয়ালের ফাটল সম্পর্কে তিনি বলেন, আসলে মূল ভবন নির্মাণের কাজ শেষ হয়ে গেলে অন্যান্য কাজ নির্মাণশ্রমিকেরা এত ভালোমতো করেন না। তাই পাশের নির্মাণকাজের ঝাঁকুনির ফলে সীমানাপ্রাচীরে চিড় ধরতে পারে।
রাজউকের এই কর্মকর্তা বলেন, নির্মাতাপ্রতিষ্ঠান বিটিআইকে ভবনটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নিচে একটি বেইস বাঁধার কাজ শেষ করেই সেই অংশে বালু, মাটি দিয়ে ভরাট করার পর তারা (বিটিআই) সংস্কারকাজটি করে দেবে।
তবে ফাটল ধরা ভবনটির মালিক জাদুশিল্পী জুয়েল আইচ প্রথম আলোকে বলেন, ‘রাজউকের কর্মকর্তারা নতুন ভবনটির নির্মাণকাজ বন্ধ করে আমার ভবনের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। কিন্তু তারা (বিটিআই) তাদের কাজ চালু রেখেছে। এতে করে ফাটলের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা আছে।’