উত্তরায় কম্পিউটার সিটির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ৭ নম্বর সেক্টরের রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের ষষ্ঠ তলায় ‘উত্তরা কম্পিউটার সিটির’ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার উদ্বোধন হওয়া এই কম্পিউটার সিটিতে রয়েছে ৩৭টি দোকান। এতে রয়েছে কম্পিউটার শেখার দুটি প্রশিক্ষণকেন্দ্র। উত্তরা কম্পিউটার সিটি বছর খানেক আগে অনানুষ্ঠানিকভাবে চালু করা হয়।
উত্তরা মডেল টাউনে চালু হওয়া কম্পিউটার সিটিকে যুগোপযোগী বলে মনে করছেন মার্কেটে আসা উত্তরার বিভিন্ন সেক্টরের বাসিন্দারা। তিন সন্তানকে নিয়ে পণ্য কিনতে আসা ফারিয়া হক বলেন, ‘উত্তরার মতো এলাকায় কম্পিউটার সিটির প্রয়োজন ছিল। আগে কম্পিউটার কিংবা কম্পিউটারের কোনো যন্ত্রাংশ কিনতে হলে আগারগাঁওয়ের আইডিবি ভবনে যেতে হতো। প্রচুর সময় নষ্ট হতো। উত্তরায় কম্পিউটার সিটি হওয়ায় সময় বাঁচবে, ভোগান্তিও কমবে।’
কম্পিউটার সিটির দোকানগুলোতে বিভিন্ন কোম্পানির ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, নোটবুক, আইপ্যাডসহ কম্পিউটারের যন্ত্রাংশ এবং অন্যান্য ইলেকট্রনিকস পণ্য পাওয়া যাবে। এ ছাড়া মার্কেটে আছে দুটি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র, যেখানে মাইক্রোসফট অফিস, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ নেওয়া যাবে।
মার্কেটের একটি তলায় কম্পিউটার সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও সেটি অপর্যাপ্ত বলে মন্তব্য করেন অনেকে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আইডিবির মতো পুরো একটি ভবনজুড়ে শুধু কম্পিউটার মার্কেটের প্রয়োজন বলে মনে করেন কেনাকাটা করতে আসা লোকজন।
এখানে কম্পিউটার শেখার দুটি প্রশিক্ষণকেন্দ্রে তিন মাসের সংক্ষিপ্ত কোর্সে মাইক্রোসফট অফিস, গ্রাফিকস, ওয়েব ডিজাইন, আউটসোর্সিং পিসি, হার্ডওয়্যার সার্ভিসিং প্রভৃতি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি ব্যাচে শিক্ষার্থী পাঁচজন। বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ ফি সর্বনিম্ন ১৮০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত।
গতকাল কম্পিউটার সিটির উদ্বোধন করেন সাংসদ সাহারা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর আফছার উদ্দিন খান, মহিলা কাউন্সিলর শাহনাজ পারভীন, উত্তরা কম্পিউটার সিটির স্বত্বাধিকারী সরদার আলম, রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এম এ মাজেদ খান প্রমুখ।