উত্তরায় কাঁকড়ার খামারে আগুন এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় কাঁকড়া-কুইচ্যার একটি খামারে অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে আট বছরের এক শিশুর মৃত্যু হয়। এতে পাঁচ টন ওজনের কুইচ্যাও পুড়ে যায়।দমকলের কর্মীরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে আগুনের সূত্রপাত হয়। উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে খামারটি গড়ে ওঠে। এখানে অর্কিড ট্রেডিং করপোরেশন ও এসআর ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠান রয়েছে। আগুনে দুটি প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়।টঙ্গী দমকলের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, খামারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে আট বছরের শিশু সুরাইয়া গুরুতর আহত হয়। পরে তাকে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আগুনের তাপে অর্কিড ট্রেডিং করপোরেশনের প্রায় তিন টন ও এসআর ট্রেডার্সের প্রায় দুই টন কুইচ্যা মারা যায় বলে তিনি জানান।সূত্র জানায়, এ খামার থেকে প্রক্রিয়াজাত করা কুইচ্যা বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।