উত্তরায় কাঁচাবাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কাঁচাবাজারের প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ওই কাঁচাবাজারে আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হলো এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি এ কর্মকর্তা। তবে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান। এ ছাড়া তিনি বলেন, বাজারের আট-দশটি লেপ-তোশক ও খাবারের দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, প্রথমে একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকেই আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পরে।