রাজধানীর আশকোনায় গত রোববার সকালে খাদে পড়ে ডুবে গেছে একটি যাত্রীবাহী বাস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নয় ঘণ্টা চেষ্টার পর বাসটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকালে আশকোনা থেকে হজরত শাহজালাল বিমানবন্দরের দিকে আসার পথে তালতলা এলাকায় বাসটি রাস্তার পাশের একটি খালে পড়ে যায়। গাজীপুর-আজিমপুর পথে চলাচলকারী বাসটি দক্ষিণখানের গ্যারেজ থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল।বাসের যাত্রীরা জানায়, সম্ভবত বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে বাসটি গড়িয়ে খালে পড়ে যায়। খালটি ছিল কচুরিপানায় ভর্তি। তাই বাসটি পুরোপুরি ডুবে যাওয়ার আগেই যাত্রীরা বের হয়ে আসতে পেরেছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা পুরো জলাধারটিতে তল্লাশি চালিয়ে নিশ্চিত হয় যে খালে কোনো লাশ নেই। ডুবুরিরা পানির নিচে বাসটি খুঁজে পেলেও যন্ত্রপাতির অভাবে টেনে তোলা যাচ্ছিল না। দিনভর রেকার দিয়ে টেনে তোলার চেষ্টা করে বিকেল চারটার দিকে বাসটি তুলে আনা হয়।ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের জানান, উদ্ধারের পর ডুবুরিরা পুরো খালে তল্লাশি চালিয়ে কোনো কিছু পাননি।দক্ষিণখান থানা পুলিশ জানিয়েছে, গতকাল পর্যন্ত এ ঘটনায় কারও নিখোঁজ হওয়ার দাবি করেনি কেউ। তাই পুলিশ নিশ্চিত হয়েছে যে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।দুর্ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ঘটনাস্থলে যান। সাহারা খাতুন ওই এলাকারই সাংসদ।পরে স্থানীয়রা খারাপ রাস্তার জন্য ক্ষোভ প্রকাশ করলে সাহারা খাতুন বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’ উত্তরে পাশেই দাঁড়িয়ে থাকা যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেখার কথা।’