উত্তরায় খালি প্লটে সবজি চাষ
‘এখানে টাটকা সবজি পাওয়া যায়, তাই প্রায় প্রতিদিন আমি সবজি কিনতে এখানেই আসি।’ কথাগুলো বলছিলেন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উত্তরায় সবজি কিনতে আসা শাহনাজ ফেরদৌস।
উত্তরার ৬ নম্বর সেক্টরের বিডিআর মার্কেট-সংলগ্ন ইউনিক গ্রুপের খালি জমিতে করা হয়েছে সবজির চাষ। সেখান থেকেই পুঁইশাক, ডাঁটাশাক, পাটশাক, ধুন্দল, ঢ্যাঁড়স প্রভৃতি সবজি প্রতিদিন টাটকা সংগ্রহ করেন শাহনাজের মতো এলাকার অন্য গৃহিণীরা।
সরেজমিনে দেখা গেল, সেখান থেকে সবজি কিনতে আসা ক্রেতারা অন্যান্য কাঁচাবাজারের মতো সবজি কিনতে কোনো বাছবিচার করেন না। যেদিন যে সবজি পান, নিয়ে যান। টাটকা সবজি কিনতে পারাটাই যেন মনে প্রশান্তি এনে দেয়। সবজি কিনতে আসা অন্য এক গৃহিণী প্রথম আলোকে বলেন, ‘আমি অনেক বছর ধরে এখান থেকে সবজি কিনি। এখানকার সবজি শহরের বাজারের সবজি থেকে আলাদা।’
ব্যারাকে থাকা ইউনিক গ্রুপের কর্মচারীরা ডিউটি শেষে অবসরে করেন সবজির চাষ। নিজেরা খান, বাড়তি সবজি বিক্রিও করেন। সেখান থেকেই সবজির এই ছোট বাজার।
ইউনিক গ্রুপের অনেক কর্মকর্তাও এখান থেকেই বর্তমানে সবজি সংগ্রহ করেন বলে জানালেন বিক্রয়ের দায়িত্বে থাকা একজন কর্মচারী। তিনি বলেন, ‘আমাদের স্যারেরাও অনেকেই এখান থেকে সবজি ক্রয় করেন।’ তিনি বিপরীত পাশে খালি পড়ে থাকা প্লটটি দেখিয়ে বলেন, উত্তরায় এমন অসংখ্য খালি প্লট আছে। এ রকম প্লটগুলোতে সবজির চাষ করে আমাদের চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব।