উত্তরায় চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে একজন চিকিৎসকের বাসা থেকে পুলিশ গতকাল বুধবার রাতে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে। লাশের বুকে চাকু বিদ্ধ অবস্থায় ছিল। ওই গৃহকর্মীর নাম আসমা বেগম (৩৫)। উত্তরা থানা সূত্র জানায়, আসমা উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কের ৭/এ বাড়ির বাসিন্দা চিকিৎসক শহীদুল ইসলামের বাসায় গৃহকর্মী ছিলেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ওই বাসার শোওয়ার ঘরের দরজা ভেঙে বুকে চাকুবিদ্ধ অবস্থায় আসমার লাশ উদ্ধার করে। পরে গৃহকর্মীর রক্তাক্ত লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, যে কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়, ওই কক্ষে ভেতর থেকে সিটকিনি লাগানো ছিল। পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গৃহকর্মীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জে বলে জানা গেছে।