জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজধানীর উত্তরায় মানববন্ধন করেছে ধূমপানবিরোধী সামাজিক সংগঠন ‘আমরা ধূমপান করি না’ (আধূনা)। গতকাল রোববার বেলা ১১টায় উত্তরার হাউস বিল্ডিং বাসস্ট্যান্ডে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন আহমেদ বলেন, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, ঠিক সেইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ছাড়া মানববন্ধনে উপস্থিত অন্য বক্তারা বলেন, দেশ থেকে জঙ্গিবাদকে নির্মূল করতে হলে সবাইকে সচেতন হতে হবে। মনে রাখতে হবে, এ দেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই এ দেশ কোনো জঙ্গির হতে পারে না, হতে দেওয়া যাবে না। এ সময় বক্তারা উপস্থিত জনসাধারণকে দেশকে ভালোবেসে সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করার আহ্বান জানান। আধূনার আহ্বায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি আশিকুল আলম; রিনা আক্তার, আতিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।