উত্তরায় জমে উঠেছে পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। পশুর আমদানি পর্যাপ্ত থাকলেও ক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এবার দাম তুলনামূলক বেশি। শেষ দিকে দাম কমে আসতে পারে বলে অনেক ক্রেতাই মনে করছেন।

ঈদের তিন দিন আগে থেকেই হাটে পশু বেচাকেনা জমে উঠেছে। গতকাল শনিবার উত্তরা ও খিলক্ষেতে সিটি করপোরেশন অনুমোদিত পশুর হাটে ক্রেতাদের উপস্থিতি ছিল ভালো। হাট ঘুরে ঘুরে দরদাম করে দেখছেন ক্রেতারা। পছন্দ ও মানানসই দামে পেলে কিনেও নিয়েছেন কোরবানির পশু।

উত্তরা ১২ ও ১৫ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতু-সংলগ্ন খালি জায়গার অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা যায়, খালপাড় সেতু থেকে শুরু করে দিয়াবাড়ী গোলচত্বর পর্যন্ত সোনারগাঁ জনপথ সড়কের দুই পাশে খালি জায়গায় বসেছে পশুর হাট। সড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকা কোরবানির গরু, মহিষ, ছাগলে ভরে গেছে। হাট ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল পর্যন্ত হাটে কোরবানির পশুর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে।

পাবনা থেকে কোরবানির গরু নিয়ে উত্তরার হাটে এসেছেন ব্যবসায়ী সিরাজ। তিনি বলেন, গরুর দাম এখনো একটু বেশি। তবে আজকের দামটাই আসল না। কারণ, শেষ দুই দিনে হাটে গরুর সংখ্যাই দাম ঠিক করে দেবে। কোনো কারণে ঘাটতি হলেই দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে।

খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকায় বসেছে আরেকটি অস্থায়ী পশুর হাট। এই হাটও জমে উঠেছে। দেশি জাতের ছোট ও মাঝারি আকৃতির গরুতে হাট ভরে গেছে। ক্রেতারা আসছেন, দরদাম করছেন। হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতাদের পছন্দ ছোট ও মাঝারি আকৃতির গরু। ক্রেতারা ৫০ থেকে ৭০ হাজার টাকার গরু বেশি পছন্দ করছেন।

তবে উত্তরা ও খিলক্ষেতের এই দুই হাট ঘুরে দেখা যায়, স্বাভাবিক দামের চেয়ে বেশি দাম হাঁকানোর ফলে অনেক ক্রেতা কিছু না বলেই চলে যাচ্ছেন। হাট ঘুরে দেখছেন অনেকে, দরদাম যাচাই করছেন। তবে পশু রাখার জায়গা না থাকায় অনেকে ঈদের দু-এক দিন আগে পশু কিনবেন।

এদিকে উত্তরা ১২ ও ১৫ নম্বর সেক্টরের খালি জায়গায় হাট বসানোর কথা থাকলেও দিয়াবাড়ী গোলচত্বরের দক্ষিণে আরপি সিটি পর্যন্ত এবং গোলচত্বরের পশ্চিমেও দিয়াবাড়ী সড়কের কিছুদূর রাস্তা এক পাশ বন্ধ করে বসানো হয়েছে হাট।

সিটি করপোরেশন ও পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাস্তায় কেন হাট বসানো হলো, জানতে চাইলে হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য মহসীন সরকার বলেন, রাতে আসা ব্যবসায়ীরা নিজেরা গরু নিয়ে ওই দিকে বসে পড়েন। তাঁদের আজকের মধ্যেই হাটের সীমানায় মধ্যে নিয়ে আসা হবে। হাটের নিরাপত্তাব্যবস্থা এবং পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন দুই হাটের ব্যবসায়ী, ক্রেতা ও ব্যবস্থাপনা কমিটি। হাটগুলোতে আছে পুলিশের একাধিক ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা।