উত্তরায় ডিএনসিসির মশক নিধন
রাজধানীর উত্তরায় বিশেষ মশক নিধন কার্যক্রম ‘মশক নিধন ক্রাশ’ শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১ (উত্তরা)। গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরে ডিএনসিসি অঞ্চল-১-এর কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা আলম শরীফ খান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দীন আহমেদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ডিএনসিসির কর্মকর্তারা বলেন, মশার উৎপাত না কমা পর্যন্ত ডিএনসিসি অঞ্চল-১-এর উত্তরার সেক্টরগুলোতে এবং ১৭ নম্বর ওয়ার্ডের (খিলক্ষেত) সব এলাকায় এ কার্যক্রম পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। রাজধানীতে মশার উৎপাত বৃদ্ধি পাওয়ায় লার্ভা নিধনের এ বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের শুরুতে উত্তরার ১১ থেকে ১৪ নম্বর এই চারটি সেক্টরে সকালে প্রথমে ৪৭টি হ্যান্ড স্প্রে মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়। এ ছাড়া বিকেলে ৪০টি ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর কাজ করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির সহকারী স্বাস্থ্য কর্মকর্তা আজিজুন্নেসা, স্বাস্থ্য পরিদর্শক আবদুস সালাম মৃধাসহ বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।