উত্তরায় তীব্র গ্যাস-সংকট, রাত জেগে চলে রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার বিভিন্ন সেক্টর ও এর আশপাশের এলাকায় ভোর থেকে অনেক রাত পর্যন্ত লাইনে গ্যাস থাকছে না। দিনের বেলা বাসাবাড়িতে জ্বলছে না চুলা। রান্নার কাজ করতে হচ্ছে রাত জেগে। যাঁরা পারছেন না, তাঁদের বাধ্য হয়েই খাবার কিনতে হচ্ছে হোটেল থেকে। তবে গ্যাস–সংকটের কারণে অনেক হোটেলেও খাবার পাওয়া যাচ্ছে না। আবার কোনো কোনো হোটেলে বাসি ও ঠান্ডা খাবার পরিবেশন করা হচ্ছে। বাধ্য হয়েই এসব খাবার খেয়ে পেটের ব্যথা, পাতলা পায়খানাসহ নানা ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে।
সরেজমিনে উত্তরার বিভিন্ন সেক্টরের এবং আশপাশের এলাকা খিলক্ষেত ও তুরাগের বাসিন্দাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, গত সপ্তাহ থেকে গ্যাস–সংকট প্রকট হচ্ছে। ভোর ছয়টা থেকে বিকেল তিন-চারটা, আবার কোনো কোনো দিন রাতের প্রথমার্ধ পর্যন্ত গ্যাস থাকছে না। ভোররাতে ঘুম থেকে উঠে রান্না করতে হচ্ছে। না হলে আগের দিনের ঠান্ডা, বাসি খাবার খেয়ে পার করতে হচ্ছে দিন।
উত্তরার অনেক বাসাবাড়িতে কেরোসিনের চুলা (স্টোভ) দেখা গেল। উপায় না থাকায় স্টোভ কিনে রান্নার কাজ করছেন বলে জানালেন বাসিন্দারা। আবার অনেকে কাজের বুয়াদের দায়িত্ব দিচ্ছেন খাবার রান্না করে আনার জন্য। বাধ্য হয়ে অনেকে ব্যবহার করছেন বৈদ্যুতিক হিটার। এতে মাসিক বিদ্যুৎ বিলও যাচ্ছে বেড়ে।
উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দা গৃহিণী দিলরুবা আক্তার ও শিউলি আহমেদ বলেন, ভোর ছয়টার পরে লাইনে আর গ্যাস থাকে না। সারা দিনেও পাওয়া যায় না। সন্ধ্যায় এলেও গ্যাসের চাপ খুব কম থাকে। তাঁরা আরও বলেন, অনেক সময় দেখা যায়, সন্ধ্যায় গ্যাস থাকলেও রাত ৯-১০টার পরেই আবার পাইপলাইনে গ্যাস চলে যায়।
এলাকার অধিকাংশ গৃহিণী এখন শীত উপেক্ষা করে ভোররাত তিন-চারটা থেকে উঠে রান্নার কাজ শুরু করছেন। ভোর ছয়টার আগেই শেষ করতে হয় রান্না। অন্যথায় উপোস থাকতে হয়।
উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসিন্দা তোফায়েল চৌধুরী বলেন, গ্যাস–সংকটের কারণে যাঁদের সামর্থ্য আছে, তাঁদের অনেকেই এলপি গ্যাস ব্যবহার করছেন। তবে গ্যাস–সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুলগামী ছোট শিশুদের। তাদের বাসি খাবার খেয়ে স্কুলে যেতে হচ্ছে। অনেক সময় বাড়ি থেকে টিফিন দেওয়াও সম্ভব হচ্ছে না, দোকানের কেনা খাবার দিতে হচ্ছে। এতে যেমন খরচ বাড়ছে, তেমনি কেনা খাবারে কেউ কেউ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে।
উত্তরার অনেক সেক্টরে গ্যাস সমস্যা নতুন করে দেখা দিয়েছে। আগে কখনো এমন গ্যাসের সংকট ছিল না বলে জানান এসব সেক্টরের বাসিন্দারা। ১১ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের বাসিন্দা তৌহিদা ইসলাম বলেন, তাঁদের এখানে আগে গ্যাসের সমস্যা ছিল না। এখন সকালের পরে লাইনে একদম গ্যাস থাকে না। আসে দুপুরের পরে। এই সময়ের মধ্যে সামান্য পানি গরম কিংবা আগে রান্নার করে রাখা খাবার গরম করার কাজটিও করা যাচ্ছে না। তিনি আরও বলেন, ‘দুপুরে বাসায় মেহমান এলে সমস্যায় পড়ে যাই। এক কাপ চা করে দেওয়ারও উপায় থাকে না। বাধ্য হয়েই বাইরে থেকে খাবার এনে আপ্যায়ন করতে হয়।’
উত্তরা ছাড়া খিলক্ষেতের খাঁ-পাড়া, নয়ানগর, সবুজপাড়ার অনেকেই বলেন, এসব এলাকার বাসিন্দারা বলতে গেলে দিনে গ্যাসের চুলা জ্বালানোই ভুলে গেছেন। তাঁরা আরও বলেন, রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কমবেশি গ্যাস থাকে লাইনে। এই সময়ের মধ্যে রান্না করতে হয়। তা নাহলে হোটেল থেকে খাবার কিনে খেতে হয়, অথবা উপোস থাকতে হয়।