উত্তরায় দিনমজুর অ্যাসিডদগ্ধ
রাজধানীর উত্তরায় গতকাল বুধবার দুপুরে ইদ্রিস আলী (৪৫) নামের এক দিনমজুর অ্যাসিডদগ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর চানখাঁর পুলের যক্ষ্মা হাসপাতাল ভেঙে সেখানে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করা হচ্ছে। আর যক্ষ্মা হাসপাতাল চালু করা হবে উত্তরা ৬ নম্বর সেক্টরে। এ জন্য গতকাল দুপুরে চানখাঁর পুলের যক্ষ্মা হাসপাতালের মালামাল ট্রাকে করে উত্তরার ৬ নম্বর সেক্টরে নেওয়া হয়। ট্রাক থেকে একটি কার্টন নামানোর সময় ওই কার্টনের ভেতরে থাকা অ্যাসিডের বোতল ভেঙে দিনমজুর ইদ্রিস আলীর ঘাড়, গলা, বুক ও পেটের কিছু অংশ পুড়ে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধ ইদ্রিস আলীর মামা লাল মিয়া প্রথম আলোকে বলেন, যক্ষ্মা হাসপাতাল থেকে কার্টন ট্রাকে তোলার সময় সেখানের চিকিৎসকেরা গন্তব্যস্থলে পৌঁছার পর ওই কার্টনটি সাবধানে নামানোর কথা বলে দিয়েছিলেন। তাঁরা ইদ্রিসকে বলে দিয়েছিলেন, ওই কার্টনে অ্যাসিডের বোতল রয়েছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।