অনুমোদন না নিয়ে রক্ত মজুত ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহারের দায়ে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এ সাজা দেন।
র্যাব জানিয়েছে, র্যাব-১-এর একটি দল উত্তরা এলাকায় অভিযান চালায়। অভিযানে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘উত্তরা লেক ভিউ স্পেশালাইজড হসপিটাল প্রাইভেট লিমিটেডে’ অনুমোদনবিহীন রক্ত মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে আদালত প্রতিষ্ঠানটির পরিচালক মোকসেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া উত্তরা ৭ নম্বর সেক্টরের ‘উত্তরা ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে’ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রাসায়নিকের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে আদালত প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক তোফাজ্জল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন।