উত্তরায় দুটি হোটেল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে রাজউক। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার বেলা ১১টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের শায়েস্তা খান অ্যাভিনিউ এবং ১১ নম্বর সড়কে উচ্ছেদ অভিযান চালান সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন।

 এ সময় আদালত কমফোর্ট ইন ও নগর ভ্যালি হোটেল বন্ধ করে গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। উচ্ছেদ অভিযান চলাকালে জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘আবাসিক এলাকার এ ভবনের বাণিজ্যিক ব্যবহারের কোনো অনুমোদন নেই। কমফোর্ট ইন হোটেল কর্তৃপক্ষ এ-সংক্রান্ত কোনো কাগজ আমাদের দেখাতে পারেনি। তাই এ হোটেলের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।’

তবে শায়েস্তা খান সড়কের নগর ভ্যালির মালিক রাজউকের সাবেক কর্মকর্তা গোলাম হাফিজ বলেন, ‘আমার ভবনের বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন নেওয়া আছে। কিন্তু হোটেলের ব্যাপারে একটু সন্দেহ আছে। আমি এ নিয়ে রাজউকের সঙ্গে কথা বলব।’

রাজউকের নির্বাহী হাকিম জাকির বলেন, ‘বাণিজ্যিক অনুমতি থাকলেও সেখানে হোটেল করার অনুমতি ছিল না।’

বেলা ১১টার দিকে প্রথমে শায়েস্তা খান অ্যাভিনিউর নগর ভ্যালি হোটেলে অভিযান চালান রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এটি ছয়তলা ভবন। এ ভবনের নিচে গাড়ি রাখার জায়গায় হোটেলের কার্যালয় ও অভ্যর্থনা কক্ষ ছিল। এ ভবনের চতুর্থ তলায় বাড়ির মালিক থাকেন, অন্যান্য তলায় হোটেলের কার্যক্রম চলছিল। অভিযান চলাকালে হোটেলের ছয়টি কক্ষে অতিথিরা ছিলেন। পরে তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বেলা আড়াইটার দিকে কমফোর্ট ইন হোটেলে অভিযান চালায় রাজউক।