উত্তরায় দুর্বৃত্তদের গুলিতে নিরাপত্তাকর্মী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে লিটন (৪৫) নামের এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। লিটন ৩ নম্বর সড়কের একটি বাড়ির নিরাপত্তা কর্মী।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে ওই সড়ক দিয়ে একটি মেয়েকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল কয়েকজন দুর্বৃত্ত। ঘটনা দেখতে পেয়ে লিটন মেয়েটিকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। একটি গুলি লিটনের কোমরে বিদ্ধ হলে তিনি মাটিতে পড়ে যান। এই সুযোগে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে গুরুতর অবস্থায় লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।