উত্তরায় নতুন ভবনে পাসপোর্ট কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট নিয়ে রাজধানীর উত্তরাবাসীর বিড়ম্বনা আর থাকছে না। গতকাল রোববার থেকে উত্তরায় নিজস্ব ভবনে চালু হয়েছে পাসপোর্ট কার্যালয়। এতে প্রতিদিন ছয় শতাধিক লোক সেবা পাবেন। গতকাল সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই কার্যালয়ের উদ্বোধন করেন।
পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উত্তরার ১৫ নম্বর সেক্টরের ৩-বি সড়কে ১০ কাঠা জমির ওপরে গড়ে উঠা নিজস্ব ভবনে সব কর্মকর্তার বসার ব্যবস্থা আছে। ১৪ কোটি টাকা খবচ করে ভবনটি করা হয়েছে। এই কার্যালয় থেকে গুলশান, বনানী, বারিধারা থেকে শুরু করে উত্তরার সব সেক্টরের লোকজন সুবিধা পাবেন।
গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসের নামে অন্য দেশ থেকে বাংলাদেশিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন অপপ্রচারমূলক ভিডিও আপলোড করা হচ্ছে।
হলি আর্টিজানের হামলা-সম্পর্কিত তথ্য এবং প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের হুমকি দিয়ে সম্প্রতি একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ভিডিও বার্তাদানকারীরা নিজেদের আইএস বলে দাবি করেছেন।
এসব ভিডিও-সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা স্পষ্ট করে জানাতে চাই, দেশে আইএসের কোনো ভিত্তি নেই। তাদের কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম বা নেতা বাংলাদেশে নেই। ভিডিওটি আমাদের দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।’ তিনি বলেন, এ দেশের মানুষ আইএস কিংবা জঙ্গিবাদকে পছন্দ করে না। এর বড় প্রমাণ গুলশানের হামলায় নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কেউ গ্রহণ করতে আসেনি।
মন্ত্রী আরও বলেন, এ দেশের মানুষ আফগানিস্তান বা পাকিস্তানের মতো জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের দক্ষতা দিয়ে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করছে। জঙ্গিদের নামে-বেনামে পাসপোর্ট তৈরি ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন আরও কঠোর করা হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিগগিরই দেশে ই-পাসপোর্ট সেবা চালু করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান, সাংসদ নাসিমা ফেরদৌসী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবছার উদ্দিন খান প্রমুখ।