উত্তরায় নিরাপত্তাকর্মীকে হত্যা করে টাকা ও ল্যাপটপ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক নিরাপত্তাকর্মীকে হত্যা করে একটি প্রতিষ্ঠান থেকে টাকা ও ল্যাপটপ নিয়ে গেছে ডাকাতেরা। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।উত্তরা থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাহাঙ্গীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে সহকর্মীরা পাঁচ তলা ওই বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা, মুখে স্কচটেপ লাগানো ও অচেতন অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, জাহাঙ্গীরকে মৃত অবস্থায় আনা হয়েছে। খবর পেয়ে উত্তরা থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তাঁর নাক, মুখ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, এক ডাকাত ভাড়াটে সেজে ওই বাড়ির পঞ্চম তলা ভাড়া নেয়। বুধবার গভীর রাতে ওই ভাড়াটের তিন সহযোগী জাহাঙ্গীরের মাধ্যমে বাড়িতে ঢোকে এবং দ্বিতীয় তলায় থাকা নিরাপদ রিয়েল এস্টেটের কার্যালয়ের দরজা ভেঙে ৮০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও তিনটি সিপিউ লুট করে। ধারণা করা হচ্ছে, বাধা দেওয়ায় ডাকাতেরা জাহাঙ্গীরকে ধরে পঞ্চম তলার ফ্ল্যাটে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে লুট করা টাকা ও ল্যাপটপ নিয়ে তারা মাইক্রোবাসে করে পালিয়ে যায়।পাশের ভবনের এক নিরাপত্তাকর্মী পুলিশের কর্মকর্তাদের জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি মাইক্রোবাসে তিন যুবক ৯ নম্বর বাড়ির সামনে আসে। তাদের সঙ্গে তিনটি বড় হাতব্যাগ ছিল। তারা জাহাঙ্গীরকে নাম ধরে ডাকলে তিনি এসে ফটক খুলে তাদের ভেতরে নেন। আধা ঘণ্টা পর ওই তিন ব্যক্তি ও পঞ্চম তলার ভাড়াটে ব্যাগভর্তি মালামাল নিয়ে মাইক্রোবাসে উঠে চলে যায়। পুলিশের উপকমিশনার নিশারুল আরিফ জানান, নিরাপদ রিয়েল এস্টেটের কার্যালয়ের সিন্দুক ভেঙে ডাকাতেরা টাকা লুট করে নিয়ে গেছে। পঞ্চম তলা ভাড়া নেওয়া ওই ব্যক্তির নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে।ওই ভবনের মালিক নিরাপদ রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী কবির হোসেন। নিচ ও দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়।কবির হোসেন পুলিশকে জানান, চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে থাকার কথা বলে পঞ্চম তলার ফ্ল্যাটটি নিরাপত্তাকর্মী জাহাঙ্গীরের মাধ্যমে মাসিক পাঁচ হাজার টাকায় ভাড়া নেন। ১ নভেম্বর ওই ব্যক্তি জাহাঙ্গীরের হাতে অগ্রিম ১৭ হাজার টাকা দেন। সন্দেহ হওয়ায় জাহাঙ্গীরের মাধ্যমে পরদিন তিনি ওই ব্যক্তিকে বাসা ছেড়ে দিতে বলেছিলেন।জাহাঙ্গীরের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নোয়াপাড়ায়। তাঁর বাবার নাম মো. সুলতান।