উত্তরায় পথচারীদের জন্য বিনা মূল্যে বিশুদ্ধ পানি
মজিবর মিয়া একজন রিকশাচালক। রিকশা টানতে টানতে বেশ ক্লান্ত হয়ে পড়ছিলেন তিনি। উত্তরা ১১ নম্বর সেক্টরের মোড়ে এসে রাস্তার ধারে রিকশাটি থামিয়ে গেলেন পানি পান করতে। রাস্তার এক কোনায় থাকা স্টিলের শিটের তৈরি ছোট ঘর থেকে পান করলেন পানি। তবে কোনো টাকার বিনিময়ে নয়, একদম বিনা মূল্যেই। ছোট সেই লাল রঙের ঘরটির ওপরেও সাদা কালিতে লেখা: ‘সর্বসাধারণের জন্য বিশুদ্ধ খাবার পানি’।
পথচারী ও সাধারণ মানুষের জন্য এভাবেই বিশুদ্ধ খাওয়ার পানি বিনা মূল্যে দিচ্ছে টপটেন টেইলরস অ্যান্ড ফেব্রিকস বাংলাদেশের উত্তরা শাখা। যে-কেউ পানির পিপাসা পেলে এখানে আসে, পানি পান করে। বিশেষ করে যারা এ পথে চলাচল করে থাকে, তারাই মূলত এখানের পানি পান করে।
মজিবর মিয়া বলেন, ‘আজকাল বাইরের দোকান থেকে টাকা দিয়া পানি কিইনা খাইলেও ভালো পানি পাওন যায় না। তাই এইখান থেকেই পানি খাই।’ ভেতরে গিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ইমরান শেখ (ফেব্রিকস) এবং অর্পণ ভৌমিকের (টেইলরস) সঙ্গে কথা হলে তাঁরা বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের পানি পানের জন্য টেইলরসের ভেতরে থাকা পানির বিশুদ্ধকরণব্যবস্থা থেকেই বাইরের ওই ঘরে পানি সরবরাহ করা হয়। তাঁরা আরও বলেন, পানি শেষ হলে তাঁদের নিরাপত্তা প্রহরীরাই পানির জার পরিবর্তন করে দেন।
আশপাশের অনেকেই আছে, যারা নিয়মিতই এখান থেকে পানি পান করে; রিকশাচালক, পথচারী, স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে ট্রাফিক পুলিশের সদস্যরাও। তাঁদের অনেকেই বলেন, পানি পানের জন্য একটি ভালো গ্লাসের ব্যবস্থা করলে ভালো হবে। তা ছাড়া যেখানে পানি রাখা হয়, সেটির রং একটু উঠে গেছে। লেখাগুলোও দূর থেকে অস্পষ্ট।
এ বিষয়ে ব্যবস্থাপক ইমরান শেখ প্রথম আলোকে বলেন, পানি পানের জন্য ভালো গ্লাস রাখা হয়েছিল। তবে ভালো গ্লাস বেশি দিন থাকে না। চুরি হয়ে যায়। তাই আপাতত পানি পানের জন্য সেখানে একটি প্লাস্টিকের বোতল রাখা হয়েছে। আর ঘরটি নতুন করে সংস্কার করা হবে।