উত্তরায় পেনশন নিতে ভোগান্তি
রাজধানী উত্তরা মডেল টাউনের সোনালী ব্যাংক শাখার পেনশন বুথে প্রয়োজনের তুলনায় লোকবল কম। বসার স্থান অপর্যাপ্ত। কক্ষগুলোর ভেতর পর্যাপ্ত আলো-বাতাসের প্রবাহ নেই। সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে হয়। প্রতি মাসে পেনশন নিতে আসা অবসরপ্রাপ্ত বয়স্ক অনেক সরকারি চাকুরের নানান ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।
অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আবু হাফিজ বলেন, উত্তরার এ পেনশন বুথ থেকে অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাঁদের পেনশনের টাকা নিতে আসেন। বর্তমানে প্রয়োজনের তুলনায় এ বুথে লোকবল কম। তাই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে অনেক সময় লাগছে। তিনি আরও বলেন, মূলত সময়মতো কাজ করতে না পারার কারণেই পেনশন নিতে আসা মানুষের ভিড় লেগে যায়।
পেনশন নিতে আসা মানুষদের বসার জন্য যথেষ্ট স্থানও নেই পেনশন বুথে। ভেতরে আছে দুটি সোফা, যেখানে গাদাগাদি করে সর্বোচ্চ আটজন বসা যাবে। কিন্তু প্রতিদিন প্রায় শতাধিক লোক আসেন পেনশনের জন্য। অপেক্ষাও করতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
উত্তরা ৩ নম্বর সেক্টর থেকে পেনশনের টাকার জন্য এসেছেন দীলরুবা সাদেক চৌধুরী। সকাল ১০টায় এসে বিকেল চারটা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করছেন বলে তিনি জানান।
দীলরুবা বলেন, পেনশনের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। অথচ তাঁদের এখানে বসার জায়গা পর্যপ্ত নেই, ঠায় দাঁড়িয়ে থাকতে হয়।
মূল বেতন, বিভিন্ন ভাতা, বোনাস—এসব নির্ধারণ করতে হয়। তারপর ব্যাংকের পিওর মাধ্যমে পরে সেই ডেটা অ্যাকাউন্টে এন্ট্রি করে দিলে ব্যালেন্স ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু পেনশনের ওই বুথে এসব করতে বেশ ভোগান্তি পোহাতে হয় বলে জানালেন পেনশন নিতে আসা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। একেকজনকে একাধিকবার এসব হিসাবপত্রের কাজ করতে হয়। কখনো কখনো একাধিক দিন ব্যাংকে আসতে হয়। দক্ষিণখান ইউনিয়ন থেকে পেনশন নিতে আসা রাবেয়া খাতুন বলেন, ‘ব্যাংক খোলার আগেই আসছি। সকাল সাড়ে নয়টায় বই জমা দিলাম, দুপুরে খাওয়ার পর আসতে বলছিল। কিন্তু এখন আবার বলছে আগামীকাল আসতে। কী সমস্যা ঠিক বুঝতে পারছি না।’
উত্তরা ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের ১১৫ নম্বর বাড়ির দোতলায় সোনালী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার পেনশন বুথ।
চারটি কক্ষের মধ্যে দুটিতে পেনশনসংক্রান্ত কাজ হয়। একটি কক্ষে পাসপোর্টের টাকা জমা নেওয়া হয় এবং অন্যটি অভ্যর্থনাকক্ষ। ভোগান্তি সম্পর্কে জানতে চাইলে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকতা কিছু বলতে চাননি।