উত্তরায় প্রথম আলো বিতর্ক উৎসবের প্রস্তুতি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজে প্রথম আলো বিতর্ক উৎসবের প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় রাজউক কলেজ মিলনায়তনে এই প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি কর্মশালার শুরুতেই শিক্ষার্থীরা বিতর্ক উৎসব নিয়ে তাঁদের প্রত্যাশার কথা জানান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী বিতর্কের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের ভবনা তুলে ধরেন। এক শিক্ষার্থী পাঠ্যপুস্তকে বিতর্ক বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। এ ছাড়া এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাও বিতর্ক উৎসব নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। বিএএফ শাহীন কলেজের শিক্ষক ওয়াহিদা প্রথম আলোর এই বিতর্ক উৎসবকে ঢাকাকেন্দ্রিক না হয়ে সারা দেশে আয়োজনের প্রস্তাব দেন।

বিতর্ক উৎসবের প্রস্তুতি কর্মশালায় বিতর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাজউক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সোলাইমান কবির। তিনি বিতর্ক উৎসবের নিয়ম, বিতর্কের প্রয়োজনীয়তা, বিতর্কের পদ্ধতি, বিতর্কের বিষয় প্রভৃতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন।

প্রস্তুতি কর্মশালায় উপস্থিত প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম তাঁর বক্তব্যে বলেন, বিতর্ক মেধাবিকাশে সাহায্য করে। কর্মশালা পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন। কর্মশালায় ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র নেই’ বিষয়ের ওপর একটি তাৎক্ষণিক বিতর্কের আয়োজন করা হয়। এতে কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থী বিষয়টির পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রস্তুতিতে উত্তরার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষক এবং ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ১১ মার্চ শনিবার সকাল সাড়ে আটটায় রাজউক কলেজে প্রথম আলো বিতর্ক উৎসবের উদ্বোধন করা হবে।