উত্তরায় বইমেলা শুরু

রাজউক মডেল কলেজে ‘কৈশোর তারুণ্যে বই’ স্লোগানে তিন দিনের বইমেলা গতকাল শনিবার শুরু হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বইয়ের বিকল্প কিছু নেই, কোনো কিছুর সঙ্গেই বইয়ের তুলনা করা সম্ভব নয়। যত বই পড়বে, ততই বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটবে।
মনজুরুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সিলেবাসের বাইরের বইগুলোকে বলা হয় সিলেবাসের বাইরের বই। আর এই বই যত বেশি পড়বে, তোমাদের জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে। তোমাদের পাঠ্যপুস্তকের বাইরে একটি বিশাল জগৎ আছে। বাইরের বই যত পড়বে, সেই বিশাল জগতের খুঁটিনাটি অনেক বিষয় তোমাদের মাথায় চলে আসবে।’
মানুষের জ্ঞান অনেক বেশি উল্লেখ করে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, কচ্ছপ সাড়ে তিন শ বছর বাঁচে। অথচ কচ্ছপ নিজে এ কথা জানে না। কিন্তু মানুষের জ্ঞান কচ্ছপের চেয়ে বেশি হওয়ায় মানুষ এটি আবিষ্কার করতে পেরেছে। তাই মানুষ হিসেবে আমাদের জ্ঞান আহরণ করার ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানো উচিত। গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং অন্য

বইগুলোকে প্রকৃত পাঠ্যপুস্তক উল্লেখ করে তিনি বলেন, আমরা পাঠ্যবই রেখে অপাঠ্য বইগুলোই বেশি করে পড়ছি। তাই যদি গল্প, উপন্যাস, প্রবন্ধ আরও বেশি করে পড়ি, তাহলে আমরা অনেক কিছুই শিখতে পারব।’
উদ্বোধনী অনুষ্ঠানে সময় টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তুষার আবদুল্লাহ এবং রাজউক মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন বক্তব্য দেন। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রকাশনীর স্টল ঘুরে দেখেন। বইমেলা আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রথমা প্রকাশন, অনন্যা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইকরিমিকরি, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশন্স, ভাষাচিত্র ও সময় প্রকাশন।