উত্তরায় বহুতল ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গতকাল রোববার রাতে ১৫ তলা একটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া সাতজনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যা সাতটার আগে উত্তরার ৩ নম্বর সেক্টরের ট্রপিক্যাল আলাউদ্দীন টাওয়ারের ভূগর্ভস্থ তলায় জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের লিফটে। লিফটের ফোকর দিয়ে আগুনের দাউ দাউ শিখা তিনতলা পর্যন্ত উঠে যায়। এ সময় গাঢ় কালো ধোঁয়া খুব দ্রুত ফোকর দিয়ে ওপরে উঠতে থাকে এবং তা ভবনময় ছড়িয়ে পড়ে। ভবনটির ছয়তলা পর্যন্ত বিপণিবিতান আর ওপরের তলাগুলো আবাসিক (ফ্ল্যাট)। আগুন লাগার পর বিপণিবিতানের কর্মী ও ক্রেতারা নেমে এলেও আবাসিক ভবনের অনেকেই নামতে পারেনি। পরে প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে ফায়ার সার্ভিসের প্রায় ১৫টি ইউনিট আগুন নেভায়।এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা হাতুড়ি দিয়ে ভবনের ওপরের কাচ ভেঙে ধোঁয়া বের হওয়ার সুযোগ তৈরি করে দেন। এর মধ্যে ওপর থেকে অনেককে হাত নাড়াতে দেখা যায়। কর্মীরা এ রকম প্রায় ২২ জনকে নামিয়ে আনেন। আর সাতজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।এদিকে রাতে অগ্নিকাণ্ডস্থলে আসেন স্থানীয় সাংসদ এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশ ও র্যা বের ঊর্ধ্বতন কর্মকর্তারা।