উত্তরায় বাজার ভরা শীতের পোশাক
রাজধানীর বাজার ভরে গেছে শীতের পোশাকে। রাজলক্ষ্মী কমপ্লেক্স, বেলী প্লাজা, লন্ডন প্লাজা, ইনফিনিটি মেগা মল, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, মাসকট প্লাজাসহ উত্তরার বিভিন্ন সেক্টরের ফুটপাত ঘুরে দেখা যায়, নতুন ও আকর্ষণীয় সব শীতবস্ত্রের সমাহার ঘটিয়েছেন ব্যবসায়ীরা। আধুনিক সব পোশাক আর তরুণ-তরুণীদের চাহিদার কথা মাথায় রেখেই দোকানে পণ্য সাজিয়েছেন তাঁরা।
মেয়েদের পোশাকের ক্ষেত্রে এবার কোমরে বেল্টওয়ালা লম্বা কোটের চাহিদা বেশি। হালকা থেকে ভারী বিভিন্ন ধরনের লম্বা কোট আছে। ধরনভেদে দামেও আছে রকমফের। দাম ৭৫০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। তবে শীতে যাঁরা গ্রামে যাওয়ার কথা ভাবছেন, তাঁরা কিনছেন উলের ভারী কোট। দাম আকার ও ধরন অনুসারে ২ হাজার ২০০ টাকা থেকে ৫-৬ হাজার টাকা। এ ছাড়া লম্বা ঝুলের সোয়েটার মেয়েদের পছন্দ। দেশি, বিদেশি ও কাশ্মীরি শালও কিনছেন অনেকে।
ছেলেদের শীতের পোশাক হিসেবে এবার কটি চলছে বেশি। হালকা শীতে আরামদায়ক যেকোনো অনুষ্ঠানে পরার উপযোগী এসব কটি তরুণদের পছন্দ। বিভিন্ন বিপণিবিতানের দেয়ালে ঝুলতে দেখা যায় নানা রঙের নানা ধরনের কটি। সাধারণ দোকানগুলোতে কটির দাম ৫০০ থেকে ২ হাজার টাকা। তবে ব্র্যান্ডের দোকানগুলোতে দাম একটু বেশি। এ ছাড়া ফুল ও কোয়ার্টার হাতা ক্যাজুয়াল ব্লেজার, সোয়েটার, ট্রাউজার, কোট, টুপি, মাফলারসহ নানা ধরনের শীতবস্ত্র কিনছেন তরুণেরা।