রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মিনিবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত তিনজন হলেন চালক নজরুল ইসলাম (৩৫), যাত্রী প্রদীপ কুমার মজুমদার (৪০) ও এম এম হোসেন উদ্দিন ওরফে সবুজ (৩৯)। পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনের সড়কে গাজীপুরগামী বিআরটিসির একটি বাস হঠাৎ দাঁড়িয়ে যায়। এতে বাসটির পেছনে থাকা অটোরিকশাকেও থামতে হয়। ওই অটোরিকশার পেছনে থাকা আরেকটি অটোরিকশাটি ঠিকমতো থামতে না পারায় সামনের অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় শেষ অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় সুপ্রভাত পরিবহনের একটি মিনিবাস। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন চালক ও দুই যাত্রী। তাঁদের উদ্ধার করে দুটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত হোসেন চকলেট ও সুইংগামজাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘পারফেটি ভ্যান মেলে’র উৎপাদন ব্যবস্থাপক ও প্রদীপ ছিলেন রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক। রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পুলিশ হোসেন ও নজরুলের লাশ নিয়ে যায়।