উত্তরায় বিজয়ের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় ‘বিজয়ের বইমেলা, ২০১৬’ শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রত্যেক মানুষকে আলোকিত, সচেতন এবং দেশপ্রেমিক হতে হবে। আর এটি তখনই সম্ভব, যখন আমরা সন্তানদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারব।’ তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তক অধ্যয়ন কিংবা ক্লাসে ভালো ফলাফল করলেই এটা করা সম্ভব হবে না। আলোকিত মানুষ হতে হলে পাঠ্যপুস্তকের বাইরেও যে বিশাল জ্ঞানভান্ডার আছে, সেখান থেকে মণিমুক্তা তুলে আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাহারা খাতুন বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন আধুনিক জ্ঞান, মেধাসম্পন্ন একটি জাতি। তাই বই পড়ার কোনো বিকল্প নেই।’ তাঁর বক্তব্যে তিনি বই পড়ার আগ্রহ তৈরিতে বইমেলাকে একটি বিকল্প উৎসব বলে উল্লেখ করেন।

সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি।

১০ দিনব্যাপী এ বইমেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। তবে সরকারি ছুটির দিনে মেলা খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।