উত্তরায় আগুনে প্রাণ গেল ছয়জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মাহমুদুল হাসানসহ তাঁর ১০ বছর বয়সী মেয়ে ও আট মাস বয়সী ছেলে অগ্নিদগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আহাজারি করছে তাঁদের স্বজনরা। ছবি: সাইফুল ইসলাম
আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মাহমুদুল হাসানসহ তাঁর ১০ বছর বয়সী মেয়ে ও আট মাস বয়সী ছেলে অগ্নিদগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আহাজারি করছে তাঁদের স্বজনরা। ছবি: সাইফুল ইসলাম

রাজধানীর উত্তরায় আজ শুক্রবার সন্ধ্যায় আলাউদ্দিন টাওয়ার নামের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের লিফট ছিঁড়ে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে ও লিফট ছিঁড়ে ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগুনে দগ্ধ হওয়া চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন একই পরিবারের। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বহুতল ভবনটির লিফট ছিঁড়ে পড়ে। পরে ভবনে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে বেশ কয়েকজন আহত ও দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও উদ্ধার কার্যক্রম চালায়। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত আমরা ছয়জনের মৃত্যুর খবর পেয়েছি।’
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আগুনে দগ্ধ হওয়া চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন একই পরিবারের। দগ্ধরা হলেন, মাহমুদুল হাসান, তাঁর ১০ বছরের মেয়ে মেহনাজ হাসান মায়েশা ও আট মাসের ছেলে মুনতাকিন হাসান এবং মামুন।
মাহমুদুলের পরিবারের লোকজন জানান, মাহমুদুল একটি আবাসন প্রতিষ্ঠানের উপ মহাব্যবস্থাপক। তিনি আলাউদ্দিন টাওয়ারে নিচ তলায় এক ইফতার পার্টিতে দুই বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন।