উত্তরায় ভারতীয় ভিসা কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় হাইকমিশনের অনুমোদিত এজেন্ট স্টেট ব্যাংক অব ইন্ডিয়া রাজধানীর উত্তরায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) চালু করেছে। গতকাল মঙ্গলবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তাদের উপস্থিতিতে এই ভিসা কেন্দ্রের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার আদর্শ সোয়াইকা।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার থেকে উত্তরার আইভেকে ভারতীয় ভিসার আবেদন জমা নেওয়া হবে। উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৫৬ নম্বর বাড়িতে অবস্থিত আইভেকে সকাল আটটা থেকে বেলা একটায় পাসপোর্ট জমা দেওয়া যাবে। ভিসার আবেদনকারীরা বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে পাসপোর্ট ফেরত নেবেন।
উত্তরা কেন্দ্র চালুর পর ঢাকায় এখন আইভেকের সংখ্যা হয়েছে চারটি। বর্তমানে গুলশান, ধানমন্ডি ও মতিঝিলের আইভেকের তিনটি কেন্দ্র রয়েছে। এ বছরের সেপ্টেম্বরে বরিশাল, রংপুর ও ময়মনসিংহে তিনটি আইভেক চালু হয়েছে। বর্তমানে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় চারটিসহ সারা দেশে ১১টি আইভেক পরিচালনা করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।