উত্তরায় ভিওআইপি সরঞ্জামসহ ৩৭ বিদেশি গ্রেপ্তার
রাজধানীর উত্তরার একটি বাড়িতে গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার ও ৩৭ বিদেশি নাগরিককে আটক করেছে র্যাব। তাঁদের মধ্যে ৩২ জন তাইওয়ানের ও পাঁচজন চীনের নাগরিক।
র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াত প্রথম আলোকে জানান, গোপন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল রাত নয়টার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টরের ছয়তলা একটি বাড়িতে অভিযান চালায়। মাসকট প্লাজার পশ্চিম পাশে অবস্থিত ওই বাড়ির বিভিন্ন তলায় র্যাবের কর্মকর্তারা ভিওআইপির সরঞ্জাম দেখেন। তবে র্যাবের অভিযানের আগেই ছাদ থেকে ডিশ সংযোগ খুলে ফেলা হয়।
র্যাবের কর্মকর্তারা জানান, অভিযানের সময় ওই বাড়িতে বিদেশিদের পাওয়া যায়। তাঁদের সবাইকে আটক করা হয়। দুই বাংলাদেশিকেও সেখানে পাওয়া যায়। বাড়িটিতে বিদেশিরাই থাকতেন।
র্যাবের কর্মকর্তারা বলেন, ওই বাড়িতে এক কোটি টাকার সরঞ্জাম পাওয়া গেছে। আটক বিদেশিরা জানিয়েছেন, তাঁরা দেড় বছর ধরে এ বাড়িতে ভিওআইপি ব্যবসা করছেন। এ দেশে তাঁদের কারও কাজের অনুমতি নেই। অবৈধভাবে তাঁরা অবস্থান করছিলেন।