উত্তরায় মাঠ ও পার্কের জায়গায় ক্লাব, আবাসিক প্লট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমির শ্রেণি পরিবর্তন করে উত্তরার চারটি সেক্টরে খেলার মাঠ ও পার্কের জন্য নির্ধারিত জায়গায় স্কুল, ক্লাব ও আবাসিক প্লট তৈরির অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন ওয়ার্ড কাউন্সিলর।
গতকাল বুধবার উত্তরায় ঢাকার নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) জন্য জনমত যাচাইয়ে রাজউক আয়োজিত মতবিনিময় সভায় ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘উত্তরার মাস্টারপ্ল্যানে ১, ৫, ৯ ও ১০ নম্বর সেক্টরে খেলার মাঠ এবং পার্কের জন্য নির্ধারিত জায়গা ছিল। কিন্তু একসময় আমরা দেখলাম ওই জায়গা কয়েকটি স্কুল ও ক্লাবের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। কিছু জায়গায় তৈরি করা হয়েছে আবাসিক প্লট। এখন সেখানে খেলার মাঠ বা খোলা জায়গা নেই।’
এদিকে আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহারের কারণে এই এলাকায় যানজটের সমস্যা প্রকট হয়ে উঠছে বলেও অভিযোগ করেন এই জনপ্রতিনিধি।
এ ছাড়া উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে তুরাগ খাল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার লেক পুনঃখনন ও সংস্কারের দাবি জানান আফসার উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন নতুন ড্যাপ প্রকল্পের উপব্যবস্থাপক মাহফুজা আখতার, নগর পরিকল্পনাবিদ আখতার হোসাইন চৌধুরী, কাজী গোলাম হাফিজ প্রমুখ।