উত্তরায় যুবকের লাশ উদ্ধার হত্যাকাণ্ড বলে সন্দেহ
নিখোঁজ হওয়ার দুই দিন পর রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের লেক থেকে পুলিশ গতকাল শনিবার সকালে রিয়াদ আল তারিক (৩২) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর রিয়াদের লাশ লেকের পানিতে ফেলে দেওয়া হয়েছে। উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, গতকাল সকালে পুলিশ উত্তরার ৫ নম্বর সেক্টরের পাশের লেক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে। যুবকটির প্যান্টের পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। কিন্তু লাশটিতে পচন ধরে যাওয়ায় পরিচয়পত্রের ছবির সঙ্গে সেটির মিল ছিল না। মরদেহ পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। পরে নিহতের বাবা আফজাল হোসেন থানায় এসে তাঁর ছেলের জাতীয় পরিচয়পত্র দেখেন। পরে সন্ধ্যায় মর্গে গিয়ে লাশ দেখে ছেলেকে শনাক্ত করেন। এ ব্যাপারে আফজাল হোসেন বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ফিরোজ আলম প্রথম আলোকে জানান, রিয়াদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।রিয়াদের খালাতো বোনের স্বামী নাজমুল হুদা মর্গে সাংবাদিকদের জানান, রিয়াদ যুক্তরাজ্যে হোটেল ব্যবস্থাপনা বিষয়ে লেখাপড়া শেষে আট মাস আগে দেশে ফেরেন। এরপর রাজধানীর পান্থপথে জনৈক রিপনের সঙ্গে তাঁর পরিচয় হয়। রিপন জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত বলে তিনি শুনেছেন। রিয়াদকে ডেনমার্কে পাঠানোর কথা বলে রিপন তাঁর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়েছিলেন। রিয়াদকে বলা হয়, বৃহস্পতিবার (৮ নভেম্বর) তাঁর ডেনমার্কের ফ্লাইট। নাজমুল হুদা জানান, রিয়াদ কয়েক দিন আগে খিলগাঁওয়ের তিলপাপাড়ার তাঁর বাসায় ওঠেন। রিয়াদকে বিদায় দিতে সাতক্ষীরার সুলতানপুর গ্রাম থেকে তাঁর বাবা ও মা ঢাকায় আসেন।নাজমুল বলেন, বৃহস্পতিবার সকালে ডেনমার্কে যাওয়ার উদ্দেশ্যে রিয়াদ বাসা থেকে বের হন। পরে দুপুরে ফোন করে বলেন, তিনি উত্তরায় আছেন, তাঁর ফ্লাইট ১০ নভেম্বর। এরপর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাসায় ফেরেননি। রিয়াদ নিখোঁজ হওয়ার ঘটনায় পরদিন খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নাজমুলের অভিযোগ, রিপনই ডেনমার্কে পাঠানোর নাম করে টাকা আত্মসাৎ করতে রিয়াদকে খুন করেছে।