উত্তরায় রাজউকের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার হাউস বিল্ডিং এলাকার সোনারগাঁও জনপথ সড়কের বিএমডব্লিউ পয়েন্টের গ্রামীণফোন সেন্টারে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে এই অভিযান চালান প্রতিষ্ঠানটির ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে গ্রামীণফোন সেন্টারের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দোকানের সামনের এবং ভেতরের অবকাঠামো ভেঙে দেওয়া হয়। পরে দোকানের ভেতর থেকে মালামাল সরিয়ে নেন গ্রামীণফোন সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা।
দোকানের মালিক গ্রামীণফোন সেন্টার ফ্র্যাঞ্চাইজির কামাল হোসেন প্রথম আলোকে বলেন, দোকানটির বৈধতার জন্য বিএমডব্লিউ কর্তৃপক্ষের মাধ্যমে রাজউক কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। রাজউক কর্তৃপক্ষ কোনো পূর্ব নোটিশ দেয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন বলেন, ভবনের পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে দোকানটি নির্মাণ করা হয়। দুই মাস আগে এ কারণে দোকানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে দোকান সরাতে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে লিখিত নেওয়া হয়েছিল।