উত্তরায় রাজউকের অভিযান ধানমন্ডিতে জরিমানা
উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় ব্রিজসংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ করেছেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন।
উচ্ছেদ অভিযানে রাজউকের একটি প্লট ও খালপাড়ের জায়গা দখলমুক্ত করা হয়। এ সময় খালপাড়ে থাকা হোমিওপ্যাথি ওষুধের দোকান, খাবারের কিছু হোটেলসহ মোট সাতটি অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়। অভিযান শেষে খালপাড়ের ওই স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, এই স্থানে রাজউকের একটি প্লট ছিল। সেটি দখলমুক্ত করতেই মূলত অভিযান পরিচালনা করা হয়েছে। তা ছাড়া খালপাড়ে হাঁটার রাস্তার পাশে অবৈধ দখল হওয়া কিছু স্থানও সে সময় দখলমুক্ত করা হয়।
অন্যদিকে উচ্ছেদ অভিযান শেষে খালপাড়ে হাঁটার সড়ক থেকে ব্রিজ সংযুক্ত করে জায়গাটিতে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে খন্দকার জাকির বলেন, ‘ওয়াকওয়ে কিছুদূর যাওয়ার পর নষ্ট হয়ে গেছে। তাই সেখান দিয়ে কেউ যাতায়াত করেন না। কাঁটাতারের বেড়া দিয়ে ওয়াকওয়ে বন্ধ করে দেওয়ার কারণে কোনো সমস্যা হবে না।’
এলাকাবাসীর মতে, বটতলা খালপাড়ের ওই স্থানে প্রায় এক বছর আগে থেকে কংক্রিটের দেয়াল তুলে হোমিওপ্যাথি ওষুধের দোকান, খাবার হোটেলসহ বিভিন্ন দোকান অবৈধভাবে তৈরি করা হয়েছিল।
এ নিয়ে গত ১৩ জুলাই প্রথম আলোর রাজধানী পাতায় ‘নষ্ট হয়ে গেছে হাঁটার রাস্তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ধানমন্ডিতে রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা: আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে ধানমন্ডিতে পরিচালিত পঞ্চম দিনের অভিযানে একটি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কলাবাগান এলাকায় নকশাবহির্ভূতভাবে নির্মিত দুটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়। ফুটপাতে চলে আসা র্যা ম্প উচ্ছেদ করা হয় একটি ভবনের।
গতকাল বৃহস্পতিবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে জোন-৫-এর পরিচালক শাহ আলম চৌধুরী ও অথরাইজড কর্মকর্তা এ জেড এম শফিউল হান্নান অভিযান পরিচালনা করেন।
এ দিন অভিযান শুরু হয় কলাবাগান এলাকার আবেদ আলী সড়কের ১৫০/১ নম্বর ভবন থেকে। নির্মীয়মাণ এ ভবনটির উন্মুক্ত অংশে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা পেয়ে বর্ধিত অংশটুকু ভেঙে দেওয়া হয়। একইভাবে বশিরউদ্দীন সড়কের ৬৮ নম্বর ভবনের সামনের অংশ ভেঙে দেওয়া হয়। র্যা ম্প উচ্ছেদ করা হয় মুখোমুখি অবস্থানে থাকা ৬৯ নম্বর ভবনটির।
এদিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে একটি আবাসিক ভবনে রেড টমেটো নামের একটি রেস্তোরাঁ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল। এই সড়কে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমোদন থাকলেও ওই আবাসিক ভবনটির নির্দিষ্ট ফির বিনিময়ে বাণিজ্যিক হিসেবে রূপান্তর করা ছিল না। যে কারণে দ্রুততম সময়ের মধ্যে ভবনটি বাণিজ্যিক হিসেবে রূপান্তর করে নেওয়ার শর্ত দিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।