উত্তরায় শিক্ষকের বাসায় ডাকাতি
রাজধানীর উত্তরায় গত রোববার দিবাগত রাতে এক শিক্ষকের বাসায় ঢুকে তাঁকে গুলি করে কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতেরা। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গৃহকর্তা খায়রুল বাশারকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খায়রুল বাশার রাজউক উত্তরা মডেল কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী প্রভাষক। তাঁর বাবা জালাল বাশার উত্তরা থানায় একটি ডাকাতির মামলা করেছেন।খায়রুলের ভাই কামরুল বাশার হাসপাতালে সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে উত্তরায় সেক্টর ৬-এর ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা দোতলার কলাপসিবল গেটের তালা ভেঙে বাসায় ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তারা নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যাওয়ার সময় খায়রুল বাশার চিৎকার করলে ডাকাতেরা তাঁর পায়ে গুলি করে।পরে পুলিশ এসে বাশারকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে স্বজনেরা তাঁকে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।উত্তরা থানার পুলিশ জানায়, জড়িত ব্যক্তিদের ধরতে চেষ্টা চলছে।