উত্তরায় সরকারি হাসপাতাল চালু হচ্ছে
রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে ঈসা খাঁ রোডে নতুন একটি সরকারি হাসপাতাল চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বুধবার তিনি হাসপাতালটি ঘুরে দেখেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির অর্থায়নে রাজধানীর উত্তরায় তিন একর জমির ওপর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল নির্মাণ করা হয়। ২০০১ সালের ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাসপাতালের উদ্বোধন করেন। এর এক বছর পর ২০০২ সালে আর্থিক সংকটের কথা জানিয়ে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি হাসপাতালটি থেকে তাদের সহায়তা তুলে নেয়। ২০০২ সালের ১৮ ডিসেম্বর হাসপাতাল ভবনটিকে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আমেরিকান হসপিটাল কনসোর্টিয়ামের কাছে হস্তান্তর করা হয়। চুক্তির শর্ত অনুযায়ী, ২০০৮ সালের ৩০ জুনের মধ্যে আন্তর্জাতিক মানের হাসপাতালে উন্নীত করার কথা থাকলেও কার্যত তা হয়নি। আমেরিকান হসপিটাল কনসোর্টিয়ামের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের জুন মাস পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। পরে আদালতের রায়ে হাসপাতালটি ফেরত পায় সরকার।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গতকাল প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নূরুল হক ও পরিচালক (হাসপাতাল) শামিউল ইসলাম গিয়েছিলেন হাসপাতালটি দেখতে।