
উত্তরাবাসীর ঈদের কেনাকাটা নিরাপদ করতে সুপার মার্কেটের সামনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। প্রতিদিন দুই পালায় সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব ক্যাম্পে পাহারা দিচ্ছেন অনেক পুলিশ সদস্য।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঈদে জনগণের কেনাকাটাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সুপার মার্কেটগুলোর সামনে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। প্রাথমিকভাবে উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স ও ৭ নম্বর সেক্টরের মাসকট প্লাজার সামনে নিরাপত্তা ক্যাম্প করা হয়েছে। নিরাপত্তা ক্যাম্পের পাশাপাশি পিকআপ এবং মোটরসাইকেলে টহল অব্যাহত রয়েছে।
তবে নিরাপত্তাব্যবস্থা অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন উত্তরাবাসী। রাজলক্ষ্মীতে ঈদের কেনাকাটা করতে আসা রিয়ান্না হাসান বলেন, ‘আমি তো শুধু রাজলক্ষ্মীর সামনেই এ ধরনের ক্যাম্প দেখলাম, কিন্তু উত্তরাতে তো আরও শপিং মল রয়েছে।’ উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসিন্দা আফজাল হোসেন বলেন, জসীমউদ্দীন রোড থেকে হাউস বিল্ডিং পর্যন্ত রাস্তার ধারেই ছোট-বড় প্রায় ১৯ থেকে ২০টি সুপার মার্কেট আছে। কিন্তু মাত্র দুটি স্থানে নিরাপত্তা ক্যাম্প রয়েছে। এসব মার্কেটে যাঁরা কেনাকাটা করতে আসবেন, তাঁদের নিরাপত্তা কোথায়?
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা তানজিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, চাহিদা অনুযায়ী প্রয়োজনে এ ধরনের আরও নিরাপত্তা ক্যাম্প বসানো হবে।
উত্তরা মডেল টাউনে সুপার মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা করতে আসা অনেকেরই অভিযোগ, অধিকাংশ মার্কেটেই নেই নিজস্ব কার পার্কিংয়ের ব্যবস্থা। তাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটাও করতে পারেন না কেউ কেউ।