উত্তরায় সোয়েটার কারখানায় আগুন
রাজধানীর উত্তরায় গতকাল মঙ্গলবার রাতে একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরার ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী কমপ্লেক্সের পাশে বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন বেলি কমপ্লেক্সের লাসমা ফ্যাশন নামের ওই কারখানায় রাত পৌনে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফুলবাড়িয়া, কুর্মিটোলা ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।রাত সোয়া আটটার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক শেখ মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি ঘটনাস্থলে গেছে। আগুন নেভানোর কাজ চলছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ভবনে বেশ কিছু লোক আটকা থাকতে পারে। বেলি কমপ্লেক্সের মার্কেট ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা সাতটার দিকে কারখানা ছুটি হয়েছে। কারখানার ভেতরে কেউ নেই।সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মর্তুজা বলেন, ‘বেলি কমপ্লেক্সের চার, পাঁচ ও ছয়তলায় আমাদের কারখানা। এখানে কোনো লোকজন ছিল না। দুর্ঘটনা থেকে আগুন লাগতে পারে। তিনি নাশকতার আশঙ্কা নাকচ করে দেন।’