উত্তরায় হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে হরিরামপুর ইউনিয়নের কামারপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সমন্বিত বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে গড়ে ওঠা অবৈধ বসতি উচ্ছেদ গতকালও অব্যাহত ছিল। অভিযানের দ্বিতীয় দিনে বাঁধের পূর্ব ও পশ্চিম পাশ থেকে এক হাজারের বেশি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
গতকাল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অভিযান চালায়। এ সময় পাউবোর ১০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকা-আশুলিয়া-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশ ধরে একই সময় অভিযান হয়।
অভিযানে ব্যবহৃত হয় দুটি বুলডোজার। স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কাজে সহযোগিতা করেন প্রায় ৫০ জন শ্রমিক। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে আছে আবদুল্লাহপুর মাছ বাজার, ফার্নিচার মার্কেট, খাবারের হোটেল, চায়ের দোকান, মুদি ও পুরোনো মালামাল ক্রয়-বিক্রয়ের দোকান, মোটর মেকানিকের গ্যারেজ, ছোটখাটো কয়েকটি বাস-কাভার্ড ভ্যান স্ট্যান্ড, বাড়ি নির্মাণসামগ্রী ও বাঁশের আড়তসহ বসবাসের ঘর। বাঁশ, কাঠ ও টিন নির্মিত স্থাপনার পাশাপাশি বেশ কিছু কংক্রিটের স্থাপনাও এ সময় উচ্ছেদ করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রেফাত জামিল প্রথম আলোকে বলেন, কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই উচ্ছেদ কার্যক্রম চলছে। বাঁধের দুই পাশ থেকে অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জায়গা দখলমুক্ত হলে এটি রক্ষণাবেক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
অভিযান শেষ হয় বিকেলে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বলেন, বছরের শেষ দিন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) অভিযান বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে সবাইকে স্থাপনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাউবো সূত্র জানায়, সমন্বিত বন্যানিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিকৃত ২৫০ ফুট জায়গায় বাঁধ বাদে দুই পাশের প্রায় ৮০ ফুট জায়গা দখলমুক্ত করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘যে যার ঘরবাড়ি সরিয়ে নিয়েছে, নিচ্ছে। বাকি স্থাপনাগুলো আমরা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছি। পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’