উত্তরায় ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

উত্তরায় আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে হরিরামপুর ইউনিয়নের কামারপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সমন্বিত বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। বাঁধের পশ্চিম পাশের অর্ধাংশ থেকে প্রায় ৫০০ অবৈধ স্থায়ী ও অস্থায়ী স্থাপনা ভাঙা হয়েছে। বাঁধের দুই পাশের বস্তিগুলোয় প্রায় ছয় হাজার লোকের বসতি এবং এক হাজারের বেশি অবৈধ স্থাপনা রয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই অভিযান চালান। এতে সহযোগিতা করেন প্রায় ২০০ জন পুলিশ সদস্য।
আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে এই অভিযান শুরু হয়। এরপর বিশাল বহর এগিয়ে যায় ঢাকা-আশুলিয়া-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম পাশ ধরে। এ সময় হ্যান্ডমাইকের মাধ্যমে অবৈধ স্থাপনা সরানোর জন্য এক ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, চলতি বছরের এপ্রিল মাস থেকে পাউবো বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশ দখলমুক্ত করার পরিকল্পনা করে। কয়েকবার বাঁধের দুই পাশে বসবাসকারী ও দখলকারীদের জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়। উচ্ছেদ শুরুর সপ্তাহ খানেক আগেও স্থাপনা সরাতে বলা হয়। কিন্তু কেউ তা আমলে নেয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অনেকেই দোকান, ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নেয়। পরে বেলা দুইটায় বুলডোজারের মাধ্যমে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। এর মধ্যে ছিল খাবার হোটেল, চায়ের দোকান, মুদি ও পুরোনো মালামাল ক্রয়-বিক্রয়ের দোকান, মোটর গ্যারেজ, ছোটখাটো কয়েকটি বাস-কাভার্ড ভ্যানের স্ট্যান্ড, নির্মাণসামগ্রী, বাঁশের আড়তসহ বসবাসের ঘর।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, পানি উন্নয়ন বোর্ডের এই জায়গায় এলিভেটেড এক্সপ্রেস, চার লেন সড়কসহ অনেক জনগুরুত্বপূর্ণ প্রকল্পের পরিকল্পনা রয়েছে। এটা দখলমুক্ত করতে না পারলে গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ ব্যাহত হবে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক রন্তি দেব গোস্বামী প্রথম আলোকে বলেন, সরকারি সিদ্ধান্তে এসব অবৈধ স্থাপনা সরানো হচ্ছে। এটা পাউবোর ঢাকা শহর সংরক্ষণে সমন্বিত বন্যানিয়ন্ত্রণ বাঁধের জায়গা। অভিযান শেষ হয় বিকেলে। আজ বুধবার সকাল নয়টা থেকে আবারও অভিযান চলবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান প্রথম আলোকে বলেন, এটি ঢাকার মধ্যে সব থেকে বড় উচ্ছেদ অভিযান। জায়গাটা দখলমুক্ত হওয়ার পর আর দখল হবে না। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে, তাঁরা জায়গাটি যেন দেখাশোনা করেন।