উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজ প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে বইমেলা। তিন দিনের এ মেলার আয়োজক ‘পূর্ব-পশ্চিম’। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। পূর্ব-পশ্চিম একটি যৌথ প্রয়াস। একটি বইয়ের প্রতিষ্ঠান। শুক্রাবাদে গত বছরের জুনে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল। অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী, পাঞ্জেরি পাবলিকেশনস এবং জার্নিম্যান বুকস-এর উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও এটি হলো বাংলাদেশের স্বনামধন্য প্রকাশকদের একটি প্ল্যাটফর্ম। আয়োজকেরা জানিয়েছেন, মেলায় দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার নতুন-পুরোনো বইগুলো ২৫ শতাংশ কমিশনে কিনতে পারবেন ক্রেতারা। উত্তরার ক্রেতা ও পাঠকদের জন্য চিন্তা করেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান মেলার অন্যতম উদ্যোক্তা মাজহারুল ইসলাম। বাংলাদেশের বিভিন্ন লেখকের বইয়ের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও পৃথিবীর যেকোনো প্রান্তের বাঙালি লেখকের বই, প্রাচ্য ও পাশ্চাত্যের উল্লেখযোগ্য সাহিত্যকর্মও ঠাঁই পেয়েছে এই মেলায়।