উত্তরে খালেদা জিয়ার সফর বগুড়া বিএনপিতে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া উত্তরের দুই বিভাগীয় শহর সফরে আসছেন আজ শনিবার। তাঁর আগমন উপলক্ষে বগুড়া বিএনপিতে উৎসব চলছে। নেত্রীর আগমনকে ঘিরে বগুড়ার শেরপুর ও ধুনটে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা গতকাল শুক্রবার মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: নেত্রীর আগমন উপলক্ষে বগুড়া জেলা বিএনপি ব্যানার, ফেস্টুন দিয়ে সাজিয়েছে শহর। নির্মাণ করা হয়েছে তোরণ। সেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি শোভা পাচ্ছে। কেউ কেউ ব্যক্তি নামে ব্যানার, ফেস্টুন টানিয়েছেন। বিরোধীদলীয় নেত্রীকে বরণ করতে দলের অঙ্গসংগঠনের পক্ষ থেকে কয়েক দিন ধরে সভা-সমাবেশ চলছে। জেলা বিএনপি জানিয়েছে, বগুড়ায় কোনো সভা-সমাবেশ বা জনসভা না থাকলেও খালেদা জিয়া উত্তরাঞ্চলের যেকোনো স্থানেই সফর করলে বগুড়ায় রাত যাপন করেন। আজ শনিবার তিনি আসছেন। বগুড়া সার্কিট হাউসে রাত যাপন করবেন। রোববার সকালে রংপুরে যাবেন এবং সেখানে জনসভায় বক্তব্য দেবেন। রংপুরে জনসভা শেষে তিনি রাতেই বগুড়ায় এসে রাত যাপন করবেন। পরের দিন সোমবার তিনি নওগাঁ হয়ে রাজশাহীর জনসভায় যোগ দেবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, বগুড়ায় নেত্রীর কোনো কর্মসূচি নেই। তবে তাঁর কারামুক্তি দিবস পালন এবং এই সফরকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
শেরপুর ও ধুনট (বগুড়া): বিরোধীদলীয় নেত্রীর আগমন উপলক্ষে জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম ওরফে খোকার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। গতকাল বিকেল সাড়ে তিনটায় শেরপুর বিএনপির স্থানীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করা হয়। বিকেল পাঁচটায় ধুনট উপজেলা সদর ঘুরে, চৌকিবাড়ী ও মথুরাপুর ইউনিয়ন হয়ে শেরপুর উপজেলার চান্দাইকোনা দিয়ে শেরপুর শহরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় দুই উপজেলার দলীয় নেতা-কর্মীরা অংশ নেন। তাঁরা খালেদা জিয়ার আগমনকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। শোভাযাত্রায় জানে আলম, সহসভাপতি কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলমসহ শেরপুর ও ধুনট উপজেলার দলীয় নেতারা উপস্থিত ছিলেন।