উত্তরে তীব্র শীতে কষ্টে দিনমজুর ও শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতের কারণে উত্তরাঞ্চলে বোরো খেতে কাজ ব্যাহত হচ্ছে। দিনমজুরেরা কাজের সন্ধানে বের হলেও কাজ পাচ্ছেন না। এতে কষ্টে পড়েছেন তাঁরা। শীতে কষ্ট পাচ্ছে পশুপাখি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে চলেছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: গতকাল সোমবার কয়েকজন কৃষিশ্রমিক বলেন, তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না তাঁরা। কাজের সন্ধানে বের হলেও কাজ জুটছে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মকবুল হোসেন বলেন, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জমিতে চারা লাগানোর কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।
কুড়িগ্রাম আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক নজরুল ইসলাম বলেন, গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বর্তমানে হাসপাতালের অন্তর্বিভাগে ডায়রিয়ায় ৩০ ও নিউমোনিয়ায় আক্রান্ত ৩০ শিশুসহ মোট ১৫৬ জনকে এবং বহির্বিভাগে প্রতিদিন আড়াই শ থেকে তিন শ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নীলফামারী: কয়েকজন কৃষিশ্রমিক বলেন, শীতের কারণে কাজে যেতে না পারায় তাঁরা পরিবার নিয়ে কষ্টে আছেন। অনেকে শীত উপেক্ষা করে স্বল্প সময়ের জন্য মাঠে গেলেও রোজগার কম হচ্ছে।
গতকাল জেলা সদরের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে দেখা যায়, শীতের কবল থেকে রক্ষায় পশুর গায়ে জড়ানো হয়েছে চট।
ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকার শান্তি বালা (৪০) বলেন, ‘ঠান্ডাত কামত যাবার পারিছি না। বসি বসি হামার কি পেট চলে?’
কুন্দুপুকুর ইউনিয়নের গুড়গুড়ি গ্রামের যোগেশ চন্দ্র রায় (৫৫) বলেন, ‘ঠিকায় কাজ করি, প্রতিদিন ৩০০ টাকার মতো আয় হয়। ঠান্ডার কারণে আজকে দুপুর ১২টার দিকে কাজ শুরু করছি। এক শ টাকার বেশি আয় হবে না।’
ডিমলায় অবস্থিত আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায়, ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ২০ শিশু এবং ১২ শয্যার শিশু ওয়ার্ডে ৪৪ শিশু ভর্তি আছে।
লালমনিরহাট: জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের নিউমোনিয়া ও ডায়রিয়া সেলে গতকাল ৪০ শিশু চিকিৎসাধীন ছিল। গত কয়েক দিনে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় শিশু ওয়ার্ডের অন্য রোগীদের মেঝেতে বিছানা করে দেওয়া হয়েছে।
বদরগঞ্জ (রংপুর): গতকাল পাঁচ দিন পর সূর্যের দেখা মেলে। কিন্তু রোদের তীব্রতা তেমন ছিল না। রংপুর আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
উপজেলার কয়েকজন বাসিন্দা বলেন, সন্ধ্যা নামার পরই ঘন কুয়াশায় চারদিক ঢেকে যাচ্ছে। গরিব লোকজন খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
বদরগঞ্জ থেকে ঢাকাগামী বাসের চালক আজিজুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে ঝুঁকি নিয়ে বাস চালাতে হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চার হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্রের অভাবে উপজেলার ৬০ হাজার হতদরিদ্র মানুষ কষ্টে রয়েছে।